Bangladeshi arrested | ভুটানের গাড়িতে লুকিয়ে ভারতের অনুপ্রবেশের চেষ্টা, ফুলবাড়ি সীমান্তে গ্রেপ্তার ১ বাংলাদেশি

Bangladeshi arrested | ভুটানের গাড়িতে লুকিয়ে ভারতের অনুপ্রবেশের চেষ্টা, ফুলবাড়ি সীমান্তে গ্রেপ্তার ১ বাংলাদেশি

খেলাধুলা/SPORTS
Spread the love


শিলিগুড়িঃ প্রাণ হাতে নিয়ে ভুটানের গাড়ির চ্যাসিসে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা। সীমান্তে নজর এড়ায়নি বিএসএফের। ধরা পড়ে গেল এক বাংলাদেশি যুবক। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইন্দো-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে। ধৃত যুবক বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা। এদিন তাকে জিজ্ঞাসাবাদের পর তুলে দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি পুলিশের হাতে। অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তোলা হবে জলপাইগুড়ি জেলা আদালতে।

লরির চ্যাসিসের নীচে লুকিয়ে পালানোর দৃশ্য সিনেমায় পর্দায় বহুবার দেখানো হয়েছে। কখনও সিনেমার নায়ক আবার কখনও খলনায়ক লরির চ্যাসিসের নীচে ঝুলে জীবন বাজি রেখে পালিয়ে যাচ্ছে তেমন দৃশ্য অনেকেই দেখেছেন। এবার তেমনই ফিল্মি কায়দায় জীবনের পরোয়া না করে সকলের চোখে ধুলো দিয়ে এক বাংলাদেশি নাগরিকের ভারতে অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় শোরগোল পরে গেল। জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ বাংলাদেশের দিক থেকে ভারতে আসা ভুটানের একটি ট্রাকের নিচে লুকিয়ে ছিল বাংলাদেশের রংপুর জেলার বছর ৩২ এর ওই ব্যক্তি। বাংলাদেশ বর্ডার গার্ডের নজর এড়াতে সক্ষম হলেও ওই অনুপ্রবেশকারী বিএসএফের নজর এড়াতে পারেনি। ভুটানের ট্রাকে তল্লাশি চালানোর সময়ও ওই বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। পাশাপাশি ভুটানের যেই লরির নীচে সে লুকিয়ে ছিল, সেটির চালককে বিএসএফ আটক করে। সূত্রে খবর, বাংলাদেশি ওই হিন্দু নাগরিকের পরিবারের ওপর মৌলবাদিরা আক্রমন চালাচ্ছিল। প্রাণে বাঁচতে কিছুদিনের জন্য ধৃত হিন্দু যুবক ভারতে পালিয়ে এসে গা ঢাকা দিতে চেয়েছিলেন।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আসা ও ও তাঁর সরকার পতনের ঘটনার এদিন একবছর পূর্ণ হয়েছে। বাংলাদেশে গনঅভ্যুত্থানের ঘটনার পর থেকে সেদেশের হিন্দুদের ওপর ব্যাপক আক্রমণ চলেছে বলে অভিযোগ। গনঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও হিন্দুদের ওপর বাংলাদেশে আক্রমনের ঘটনা যে কমেনি তা এদিনের ঘটনায় আরও একবার স্পষ্ট। এদিন বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশের ঘটনার খবর পেয়ে বিএসএফের উচ্চপদস্থ কর্তারা ফুলবাড়ি ইন্টিগ্রেটেড চেক পোস্টে হাজির হন। খবর, সেখানে জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিক তার দেশে মৌলবাদীদের আক্রমণের বিষয়টি তুলে ধরেন।

জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সীমান্ত পারাপারের জন্য ভুটানের লরির চালকের হাতে কিছু টাকাও দিয়েছিল। ভুটানের লরিটি নিয়মিত বোল্ডার নিয়ে ফুলবাড়ি স্থলবন্দর হয়ে বাংলাদেশে যেত। সেখানে কাজের সূত্রে ভুটানের ট্রাক চালকের সঙ্গে ওই বাংলাদেশি নাগরিকের পরিচয় হয়। অভিযোগ, ট্রাক চালকের সঙ্গে শলাপরামর্শ করেই বাংলাদেশি নাগরিক লরির নীচে ঝুলে সীমান্ত পেরোনোর ছক কষেছিল। কিন্তু বিএসএফের জওয়ানরা প্রতিটি লরির চ্যাসিসের নীচের অংশ আয়না লাগিয়ে তল্লাশি চালানোর সময় ওই বাংলাদেশি যুবককে ঝুলে থাকতে দেখেন। এদিন রাতে ধৃতদের এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *