উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে (Bangladesh advisor) আটকে দেওয়ার ঘটনায় (Delhi airport incident) বিতর্ক দানা বেঁধেছিল আগেই। এবার সেই বিতর্ক আরও ঘনীভূত হল। এই ঘটনায় ভারতের বিদেশমন্ত্রকের দেওয়া ব্যাখ্যাকে ‘অসন্তোষজনক’ (Unsatisfactory) বলে অভিহিত করেছে বাংলাদেশ (Bangladesh)।
ঘটনার সূত্রপাত চলতি মাসের মাঝামাঝি সময়ে, যখন জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (IORA) এক সভায় যোগ দিতে দিল্লি পৌঁছান। অভিযোগ, বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা সংক্রান্ত একটি অজুহাতে তাঁকে আটকে দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই আগে থেকে তথ্য দেওয়া ছিল যে, রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
ঘটনাটির প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, গত ১৪ জুন ওই উপদেষ্টা ব্যক্তিগত পাসপোর্টে সার্ক ভিসায় দিল্লি পৌঁছান। ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের পর তাঁর সফরের উদ্দেশ্য নিশ্চিত করে তাঁকে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। কিন্তু এরপর তিনি নিজেই বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ভারতের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র একে ‘দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছেন। ঢাকার দাবি, পূর্বনির্ধারিত কর্মসূচির বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও এমন ঘটনা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এই বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রতিবাদও জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ ও ১৬ জুন দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সিনিয়র কর্মকর্তাদের ২৮তম সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল রহমানের। এই ঘটনা দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে সাময়িক অস্বস্তির জন্ম দিয়েছে। ঢাকা এখনও মনে করছে, ভারতের দেওয়া ব্যাখ্যা প্রকৃত পরিস্থিতির প্রতিফলন নয়।

