উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) জাতীয় সংসদ নির্বাচনের (election) দিনক্ষণ ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এদিন সন্ধ্যা ছ’টায় টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। এর আগে সেদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছিল, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে ভোট হবে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে ইসি (EC)।
এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই জুলাই সনদ নিয়ে গণভোটও হবে। অর্থাৎ দুটি করে ভোট দিতে হবে। এবিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার বাংলাদেশ সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতকে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে।
তবে ভোট নিয়ে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হল শেখ হাসিনার আওয়ামী লিগ (Awami League)। সন্ত্রাস দমন আইনে দলটির সমস্ত কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। সেদেশের নির্বাচন কমিশন আওয়ামী লিগের নিবন্ধন বাতিল করে দিয়েছে। ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনে দেশটির স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লিগ থাকছে না।
ভারতের তরফে বার বার বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লিগকে ভোটে অংশ নেওয়ার অনুমতি দিতে বলা হলেও বাংলাদেশের অন্তবর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। আওয়ামী লিগও এই বিষয়ে আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছে।
মাস দুয়েক আগে আওয়ামী লিগের নেতারা ঘোষণা করেছিলেন এবার নির্বাচনে ‘নো হাসিনা নো ভোট’। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন দলনেত্রী শেখ হাসিনাও।
বুধবারও আওয়ামী লিগের একাধিক নেতা দাবি করেছেন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হলেও তারা নিশ্চিত ভোট শেষ পর্যন্ত হবে না। ইউনুসই ষড়যন্ত্র করে নির্বাচন আটকে দিয়ে ক্ষমতায় থেকে যাবেন।
