Balurghat | বালুরঘাটে ৩ কোটির ‘ইন্টিগ্রেটেড’ স্বাস্থ্যকেন্দ্র! ১৯ নম্বর ওয়ার্ডে মিলবে ২০ শয্যার পরিষেবা ও ওপিডি সুবিধা

Balurghat | বালুরঘাটে ৩ কোটির ‘ইন্টিগ্রেটেড’ স্বাস্থ্যকেন্দ্র! ১৯ নম্বর ওয়ার্ডে মিলবে ২০ শয্যার পরিষেবা ও ওপিডি সুবিধা

শিক্ষা
Spread the love


পঙ্কজ মহন্ত, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বালুরঘাটে (Balurghat) তৈরি হবে ইন্টিগ্রেটেড পুর স্বাস্থ্যকেন্দ্র। ইতিমধ্যেই রাজ্য নগর উন্নয়ন সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) ১৯ নম্বর ওয়ার্ডে তিন কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কথা বলা হয়েছে। যেখানে বিভিন্ন ধরনের রোগের পরীক্ষা থেকে শুরু করে ওপিডি সহ বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে।

পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ করা অর্থে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের তত্ত্বাবধানে বালুরঘাটে এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে। যেখানে প্রাথমিকভাবে তিনতলা বিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্র হবে বলে ব্লু-প্রিন্টও তৈরি করা হয়েছে। যেখানে ইমিউনাইজেশন ও কোল্ড চেন রুম, ইমার্জেন্সি ও রেজিস্ট্রেশন ঘর, বেবি ফিডিং কর্নার সহ একাধিক শৌচালয়, স্টাফ রুম, ওপিডি, ল্যাব, স্যাম্পেল কালেকশন রুম তৈরি করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি লিফটের ব্যবস্থাও রাখা হবে বলে নকশায় দেখানো হয়েছে।

এই ইন্টিগ্রেটেড পুর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য পুরসভার তহ বাজার এলাকায় অবস্থিত একটি জায়গা নির্বাচন করা হয়েছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মহেশ পারখ সহ অন্য আধিকারিকরা সেই স্থান পরিদর্শনও করে এসেছেন।

যদিও বর্তমানে সেই জায়গাটিতে একটি কমিউনিটি শৌচালয়, পরিস্রুত পানীয় জলপ্রকল্প রয়েছে। তবে সেই বিস্তীর্ণ ফাঁকা এলাকাটি মূলত তহ বাজারে আসা ক্রেতারা পার্কিং জোন হিসেবে ব্যবহার করেন। এই জায়গায় বাজারের ব্যবসায়ীরাও ভ্যান রাখেন। পুরসভার আবর্জনা সংগ্রহকারী হাতেটানা ছোট গাড়িও নজরে পড়ে ইন্টিগ্রেটেড পুর স্বাস্থ্যকেন্দ্রের জন্য নির্বাচিত জায়গায়। ওই জায়গায় আবর্জনা, বিভিন্ন সরঞ্জাম এবং সবজির বর্জ্যও লক্ষ করা গিয়েছে।

তহ বাজারের আশপাশে কোনও স্বাস্থ্যকেন্দ্র না থাকায় উন্নতমানের এই ইন্টিগ্রেটেড পুর স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। ইতিমধ্যেই ইন্টিগ্রেটেড পুর স্বাস্থ্যকেন্দ্রের ভবন তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়ার তোড়জোড় শুরু করেছে বালুরঘাট পুরসভা। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই ওয়ার্ক অর্ডার দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মহেশ পারেখ বলেন, ‘বিজ্ঞপ্তিতে জেলার আর কোথাও এই রকম ইন্টিগ্রেটেড পুর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উল্লেখ নেই। এখানে ২০টি বেড থাকবে। এখানে ওপিডি থাকবে, বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা যাবে। সাধারণ জ্বর থেকে শুরু করে ডায়ারিয়া, ডেঙ্গি সহ বিভিন্ন রোগের চিকিৎসা করা সম্ভব হবে এই স্বাস্থ্যকেন্দ্রে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *