উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাফর এক্সপ্রেস ‘হাইজ্যাকের’ পর আরও ভয়ংকর পদক্ষেপ! এবার পুলওয়ামার ধাঁচে পাকিস্তানি সেনার কনভয়ে হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) (BLA)। বালোচিস্তানের (Balochistan) কালাতের ঘটনা। হামলায় এলিট স্পেশাল সার্ভিসেস গ্রুপের দুই কমান্ডো সহ ৯ পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, কালাতের হাইওয়ের উপর দিয়ে পাকিস্তানি সেনার একটি কনভয় যাচ্ছিল। তখনই কনভয় লক্ষ্য করে গ্রেনেড ছুড়তে শুরু করে বিএলএ। সঙ্গে চালানো হয় এলোপাতাড়ি গুলি। পালটা গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনাও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। ঘটনাস্থলে ৯ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয় বলে দাবি। যদিও এবিষয়ে এখনও মুখ খোলেনি ইসলামাবাদ। হামলার কিছুক্ষণের মধ্যেই দায় স্বীকার করে নেয় বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তানি সেনার পালটা হামলায় বিএলএ’র কোনও সদস্যের প্রাণহানি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। হামলার পরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানি সেনা।
প্রসঙ্গত, গত মার্চে যাত্রিবাহী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নেয় বিএলএ। জানা গিয়েছে, ট্রেনে থাকা ২৪১ জনকে হত্যা করে সশস্ত্র বালোচ বিদ্রোহীরা। যদিও পাকিস্তান প্রশাসন সেই দাবি উড়িয়ে জানিয়েছিল, সমস্ত অপহৃতকে উদ্ধার করা হয়েছে।
