বাগডোগরা: বাস দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হলো বাগডোগরায় (Bagdogra bus accident)। শুক্রবার বিহারমোড় ট্রাফিক পয়েন্টের কাছে দুর্ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনায় (Accident) অন্তত ১০ জন যাত্রী কম-বেশি আহত হয়েছেন বলে খবর। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন এক যাত্রী। আহতদের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে ফালাকাটা-আলিপুরদুয়ারগামী বাসটি এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বাগডোগরা বিহারমোড়ে ট্রাফিক পয়েন্টের কাছে পৌঁছায়। কিছু যাত্রী নামার পর চালক বাসটি চালু করতেই বিপত্তি। হঠাৎ বুঝতে পারেন যে ‘ব্রেক ফেল’ হয়েছে। তিনি সতর্ক করতেই মুহূর্তের মধ্যে বাসে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের যাত্রী সুরবালা সিংহ জানান, চলন্ত বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হন। এদিকে, বাসের চালক ডানদিকে বাসটিকে ঘুরিয়ে উড়ালপুলের পিলারের সঙ্গে ধাক্কা দিয়ে থামানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী দোকানদার স্বপন সেন জানান, চালক যদি বাম দিকে বাসটি ঘোরানোর চেষ্টা করতেন, তবে সেখানে থাকা টোটো ও এটিএম-এর সামনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ চাপা পড়তেন। চালকের এই ত্বরিত সিদ্ধান্তের ফলে আরও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন স্থানীয়রা। তবে আতঙ্কিত হয়ে নামতে গিয়ে এক যাত্রী বাসের পিছনের চাকার নীচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
বাগডোগরা (Bagdogra) ট্রাফিক গার্ডের আধিকারিকরা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত করেছেন যে, মৃত ব্যক্তি বাসেরই যাত্রী ছিলেন। বাসের চালক ও কন্ডাক্টর ঘটনার পরই পলাতক। বাগডোগরা থানার পুলিশ বাসটিকে হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাফিক পয়েন্ট ও উড়ালপুলের নীচে এই টার্নিং পয়েন্টটি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় স্থানীয়দের মধ্যে সবসময় আতঙ্কের পরিবেশ বিরাজ করে। চালক ও কন্ডাক্টর পলাতক থাকায় তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

