Awami League Workplace Open | পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুললেন বিএনপি সভাপতি! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক – Uttarbanga Sambad

Awami League Workplace Open | পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুললেন বিএনপি সভাপতি! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক – Uttarbanga Sambad

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে বন্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় (Awami League Workplace Open) এবার নিজ উপস্থিতিতে অবমুক্ত করলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

৫ অগাস্টের পর দেশের অধিকাংশ আওয়ামী লীগ কার্যালয়ের মতো চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়েও তালা ঝুলছিল। শুক্রবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান তথা বিএনপি নেতা আবু দাউদ প্রধানের উপস্থিতিতে সেই তালা খুলে দেওয়া হয়। ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতার পাশেই দাঁড়িয়ে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

ভিডিওতে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বলেন, “বিএনপি সারা বাংলাদেশে সরকার গঠনের পথে। এই মুহূর্তে আবু দাউদ প্রধান আমাদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তালামুক্ত ও অবমুক্ত করেছেন। আমরা উনার কাছে কৃতজ্ঞ।”

অন্যদিকে, আবু দাউদ প্রধানের দাবি, এটি কোনো দলীয় সিদ্ধান্ত নয়। তিনি জানান, “এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। জামায়াতের লোকজন তালা লাগিয়েছিল বলে শুনেছি। এলাকার শান্তিশৃঙ্খলা ও সহাবস্থান বজায় রাখতেই আমি তালা খুলে দিতে বলেছি। এখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই।”

ঘটনার ভিডিও ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সাবেক ছাত্রদল নেতা ইউনুস শেখ মন্তব্য করেছেন, “উপজেলা সভাপতিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্ব কে দিল?” উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জয়ের ঠিক পরেই উপজেলা সভাপতির এমন পদক্ষেপ ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *