উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বন্যা পরিস্থিতি কিছুটা আশঙ্কাজনক থাকলেও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ করল অসম সরকার (Assam Flood)। সোমবার ডিব্রুগড় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রথম কিস্তির ত্রাণ প্রদান কর্মসূচির (Reduction Payouts) সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। প্রাথমিক পর্যায়ে প্রতিটি দুর্গত পরিবারকে প্রায় ৭৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫। রবিবারই শিবসাগর জেলায় নতুন করে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যজুড়ে বন্যাকবলিত মানুষের সংখ্যা কমে ১লক্ষ ৩৬ হাজারে নামলেও শিবসাগর, চরাইদেও, জোড়হাট ও গোলাঘাট জেলার অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। এই চার জেলায় যাদের বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের এককালীন ১৫ হাজার টাকা সহ বিভিন্ন সহায়তার মাধ্যমে মোট ৭৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিবসাগরেই সর্বাধিক প্রায় ৫৫ হাজার মানুষ জলবন্দি। এছাড়া চরাইদেওয়ে প্রায় ৪০ হাজার এবং জোড়হাটে ২২ হাজারের বেশি মানুষ দুর্যোগের কবলে। ৫টি জেলাজুড়ে চালু থাকা ৫৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ১৩,৭৭১ জন। প্রায় ১৫,৪২২ হেক্টর জমি এখনও জলের তলায়। গোলাঘাটের নুমানিগড়ে ধানসিঁড়ি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে ও দুর্গতদের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী নিজেই শিবসাগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। সরকারের এই দ্রুত ত্রাণ বণ্টনের সিদ্ধান্ত গৃহহারা পরিবারগুলিকে কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।

