Deepika’s Exit from Spirit | ‘স্পিরিট’ থেকে বিচ্ছেদ, ১০ শতাংশ মুনাফা দাবি দীপিকার! কী তথ্য ফাঁস করলেন সন্দীপ রেড্ডির ভাই?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকা পাডুকোনের (Deepika’s Exit from Spirit) বেরিয়ে আসা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার এই বিবাদকে নতুন মাত্রা দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা (Pranay Reddy Vanga)। এতদিন দীপিকার ৮ ঘণ্টার কাজের দাবিকে কেন্দ্র করে জল্পনা চললেও, প্রণয় দাবি করেছেন, পারিশ্রমিক এবং ছবির লভ্যাংশের অংশীদারিত্বই ছিল এই বিচ্ছেদের আসল কারণ।

একটি সাক্ষাৎকারে প্রণয় রেড্ডি ভাঙ্গা জানান, সন্দীপ প্রায় দেড় বছর ধরে দীপিকার সঙ্গে ছবির চিত্রনাট্য ও চরিত্র নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু আলোচনার শেষ পর্যায়ে দীপিকার দাবি সব হিসাব-নিকাশ ওলটপালট করে দেয়। প্রণয়ের অভিযোগ, দীপিকা শুধুমাত্র বড় অঙ্কের পারিশ্রমিকই চাননি, তিনি ছবির মোট মুনাফার ১০ শতাংশ দাবি করেছিলেন। প্রণয় বলেন, “তিনি যে কোনো কিছু চাইতে পারেন, আর আমরা যদি দিতে পারি তবে দেব। কিন্তু ছবির বাজেটের অর্থনীতির সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমরা দেখেছি সেই অঙ্ক মিলছে না, তাই বিকল্প খুঁজতে শুরু করি।”

বিতর্কের এখানেই শেষ নয়। প্রণয় আরও অভিযোগ করেন যে, দীপিকার (Deepika Padukone) সঙ্গে যে অভ্যন্তরীণ আলোচনা হয়েছিল, তার কিছু খুঁটিনাটি তথ্য বাইরে ফাঁস হয়ে যায়, যা নিয়ে গোটা টিম অত্যন্ত বিরক্ত। এই ঘটনার পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। কাউকে সরাসরি নাম না করলেও তিনি অভিযোগ করেছিলেন, তাঁর ছবির চিত্রনাট্য ফাঁস করা হয়েছে এবং একজন নবীন অভিনেতাকে হেয় করার চেষ্টা চলছে। সন্দীপ লিখেছিলেন, “এটিই কি আপনার নারীবাদের সংজ্ঞা? একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি বছরের পর বছর কঠোর পরিশ্রম করি, কিন্তু আপনারা তা বুঝবেন না।”

যদিও দীপিকা পাডুকোন এই ধরনের অভিযোগের সরাসরি উত্তর না দিয়ে সর্বদা নিজের লড়াই চুপচাপ লড়ার পক্ষেই কথা বলেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একজন শীর্ষ তারকা হিসেবে ৮ ঘণ্টার কাজের দাবি করা মোটেও অন্যায্য নয়। তিনি প্রশ্ন তুলেছিলেন, পুরুষ অভিনেতারা বছরের পর বছর এই নিয়ম মেনে কাজ করলেও কেন তা নিয়ে সংবাদ শিরোনাম হয় না?

দীপিকার প্রস্থান ও তৃপ্তি দিমরির অন্তর্ভুক্তি নিয়ে জলঘোলা চললেও, ‘স্পিরিট’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। প্রভাস ও তৃপ্তি অভিনীত এই অ্যাকশন-ড্রামা ছবিটি ২০২৭ সালের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে দীপিকার সঙ্গে ভাঙ্গাদের এই ব্যক্তিগত দ্বন্দ্ব বিনোদন জগতে প্রফেশনাল এথিক্স ও পারিশ্রমিক নিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *