দুবাই: এশিয়া কাপ ট্রফি বিতর্কে নয়া মোড়।পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে প্রায় মাসখানেক আগে। মাঠে এশীয় ক্রিকেট সংস্থার সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। তারপর থেকেই ট্রফি নিয়ে নাটক চলছে। সম্প্রতি ট্রফি চেয়ে এসিসি প্রধান নকভিকে চিঠি পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পালটা চিঠি দিয়েছিলেন নকভিও। এরইমাঝে এশিয়া কাপের ট্রফি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাইয়ের দপ্তর থেকে আবু ধাবিতে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
এর মধ্যে এসিসি-র দপ্তরে গিয়েছিলেন ভারতীয় বোর্ডের এক কর্তা। সেখান থেকেই ওই বোর্ড কর্তা জানতে পেরেছেন দুবাইয়ের দপ্তরে ট্রফি নেই। আবু ধাবির অজানা কোনও জায়গায় তা পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও কেন ট্রফি সরানো হল তার সদুত্তর মেলেনি। যা নিয়ে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ফের যুদ্ধং দেহি মনোভাব লক্ষ করা যাচ্ছে। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা এশীয় সেরা হওয়ার স্মারক হিসাবে কাঙ্ক্ষিত ট্রফি পাবেন কি না কারও জানা নেই। রহস্য ক্রমশ গভীর হচ্ছে। সঙ্গে বাড়ছে বিতর্কও।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এশিয়া কাপ ফাইনালের সেরা ক্রিকেটার তিলক ভার্মা পুরো ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন। সেদিন রাতে দুবাইয়ের মাঠে ঠিক কী ঘটেছিল, শুনলে চমকে উঠতে হবে। তিলক জানাচ্ছেন, ভারতীয় দল ট্রফি নেওয়ার জন্য দুবাইয়ের মাঠে এক ঘণ্টা অপেক্ষা করেছিল। তিলকের কথায়, ‘আমরা মাঠে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেছিলাম। টেলিভিশনে যারা দেখেছেন জানেন, আমি মাঠে শুয়েছিলাম। অর্শদীপ (সিং) রিল বানাতে ব্যস্ত ছিল। আমরা ভেবেছিলাম যে কোনও সময় ট্রফি আসবে। এক ঘণ্টা কেটে গেলেও ট্রফির দেখা পাইনি।’ এরপর কল্পনার ট্রফি হাতে এশিয়া কাপ জয়ের উদযাপন করেন সূর্যরা। তিলক জানালেন, সেই পরিকল্পনা অর্শদীপের মস্তিষ্ক প্রসূত। বলেছেন, ‘অর্শদীপ বলেছিল ২০২৪, টি২০ বিশ্বকাপ জয়ের পর যেমন সেলিব্রেট করেছিলাম, তেমনই আবহ তৈরি করতে। শুধু ট্রফি থাকবে না।’
