সামসী: বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঠিক আগেই জেলার নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়ো সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সামসী স্টেশন রোড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার (Malda Gunman Arrested) করল সামসী ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবককের নাম পুস্তম রায়। তার বাড়ি মালদা (Malda)-র ঝলঝলিয়া এলাকায়। সামসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তথা এসআই রামচন্দ্র সাহা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দুটো নাগাদ সামসী রেল স্টেশনের দিক থেকে একটি ব্যাগ নিয়ে এগ্রিল হাই স্কুলের দিকে যাচ্ছিল ওই যুবক। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এলাকায় সারারাত পুলিশের টহলদারি চলছিল। এএসআই বরুণ দেবনাথের নেতৃত্বে কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে আসতেই ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কথায় অসঙ্গতি মেলায় তাঁর ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগের ভিতর চাদরে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় ২টি পাইপগান এবং ৫ রাউন্ড তাজা কার্তুজ। তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার (Arrest) করে।
ধৃতকে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের অনুমান, ভিন রাজ্য থেকে এই অস্ত্র নিয়ে এসে জেলার কোনো প্রান্তে বড়সড়ো নাশকতার ছক ছিল। প্রধানমন্ত্রীর জেলা সফরের আগে এই আগ্নেয়াস্ত্র কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার পর মালদা জেলাজুড়ে নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। স্টেশনের আনাচে-কানাচে তল্লাশির পাশাপাশি নাকা চেকিংয়েও বাড়তি জোর দিচ্ছে পুলিশ ও রেল সুরক্ষা বাহিনী।
