উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাবতীয় নাটকের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে জয়ী হল পাকিস্তান (Pakistan)। গতকাল দুবাইয়ে দীর্ঘ টালবাহানার পর আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামে সলমন আলি আঘারা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ৯ উইকেটে ১৪৬ রান তোলে তাঁরা। জবাবে আমিরশাহীর ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৫ রানে। ৪১ রানে আমিরশাহীকে হারিয়ে দেয় পাকিস্তান। টুর্নামেন্টের সুপার ফোর পর্যায়ে চলে গেল পাক দল। ফলে আগামী রবিবার ফের তাঁদের মুখোমুখি হতে হবে ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে গত রবিবারের ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে তোলপাড় ক্রিকেটমহল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইকক্রফটের বিরুদ্ধে ভারতকে অন্যায়ভাবে সমর্থন করার অভিযোগে আইসিসির কাছে পাইকক্রফটের অপসারণ দাবি করে পাকিস্তান। যদিও আইসিসি পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছে। এই নিয়ে গতকাল পাকিস্তান আদৌ খেলবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত দেরিতে হলেও পাকিস্তান দল মাঠে পৌঁছয়। এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসায় স্বস্তিতে শাহিন আফ্রিদিরা। এবার তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ ইতিমধ্যেই সুপার ফোরে পৌঁছে যাওয়া সূর্যকুমার যাদবের ভারত।
