উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি (Delhi to Siliguri)! রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সাম্প্রতিক ঘোষণায় উচ্ছ্বসিত উত্তরবঙ্গবাসী। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী জানান, দিল্লি-লখনউ-পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন (Bullet Prepare) চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে যাতায়াতের সময়সীমা অভাবনীয়ভাবে কমে আসবে।
রেলমন্ত্রী আরও জানান, রাজ্যের সার্বিক উন্নয়নে আগামী পাঁচ বছরের মধ্যে ৬০টি নতুন ট্রেন বাংলা জুড়ে পরিষেবা দেবে। তবে প্রশাসনিক জটিলতা ও আইনি বাধার কারণে এতদিন কাজের গতি ব্যাহত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অশ্বিনী বৈষ্ণব বলেন, “বাংলার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করতে একের পর এক রেল প্রকল্পের কাজে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। আগের সরকার উন্নয়নের পথে কাঁটা বিছিয়ে রেখেছিল, আপনাদের কাজ করতে দেয়নি।”
তবে বর্তমান পরিস্থিতির বদল নিয়ে আশাবাদী রেলমন্ত্রী। জেলাশাসকদের বার্তা দিয়ে তিনি বলেন, “আপনারা এবার হাত খুলে, মন খুলে কাজ করতে পারবেন।” মন্ত্রীর এই আশ্বাসে প্রকল্পের গতি দ্রুত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে রেলের এই উদ্যোগ আগামী দিনে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সংযোগকে আরও শক্তিশালী করবে। দ্রুত প্রকল্পের কাজ শুরু হওয়ার অপেক্ষায় এখন রাজ্যবাসী।
