Ashish Banerjee | ‘রাজনীতিতে আসাটাই ভুল…’, সুইসাইড নোটে আক্ষেপ প্রকাশ, আর কী লিখেছেন আশিস বন্দ্যোপাধ্যায়?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রামপুরহাটের পাঁচবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের (Ashish Banerjee) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজ বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ (Suicide Notice) উদ্ধার করেছে পুলিশ। কী লেখা রয়েছে সেই চিঠিতে?

উদ্ধার হওয়া চিঠিতে প্রবীণ এই নেতা দাবি করেছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে রাজনীতিতে আসা নিয়ে চরম আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ‘সারাজীবন এক পয়সা কোনও কাজের বিনিময়ে নিইনি, কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। আজ মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে।’ একইসঙ্গে পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন তিনি।

তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির (টিআরডিএ) প্রসঙ্গ টেনে আশিসবাবু লেখেন, টেন্ডার বা নকশা অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর কোনও ক্ষমতা ছিল না। তাঁকে অপমান ও কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষকতার স্মৃতিও উঠে এসেছে চিঠিতে। ছাত্রছাত্রীদের বিনাপয়সায় পড়ানো ও তাদের ভালোবাসা পাওয়ার কথা স্মরণ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০২৬ পর্যন্ত রামপুরহাটের বিধায়ক থাকা আশিস বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে চব্বিশ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন। তারপর থেকেই রাজনৈতিক অঙ্গনে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন তিনি। এই ‘সুইসাইড নোট’টি সত্যিই তাঁর লেখা কি না এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *