Asansol | আসানসোলে অবৈধভাবে কয়লা উত্তোলনের সময় ধস! মৃত ২, আটকে থাকার আশঙ্কা বেশ কয়েকজনের

Asansol | আসানসোলে অবৈধভাবে কয়লা উত্তোলনের সময় ধস! মৃত ২, আটকে থাকার আশঙ্কা বেশ কয়েকজনের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


আসানসোল: আসানসোলের (Asansol) কুলটি থানার বড়িরায় বিসিসিএলের (BCCL) একটি ওপেন কাস্ট বা খোলামুখ খনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলনের সময় ভয়াবহ দুর্ঘটনা (Coal mine accident)। মঙ্গলবার সকালে আচমকা খনির সুড়ঙ্গ ধসে পড়ায় অন্তত ছ’জন শ্রমিক চাপা পড়েন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও সিআইএসএফ (CISF) ঘটনাস্থলে পৌঁছায়। এখনও পর্যন্ত চারজনকে খনি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে এক মহিলা সহ দু’জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনকে অত্যন্ত গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এখনও খনির ভেতরে অন্তত দু’জন আটকে রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে বর্তমানে পোকলেন মেশিনের সাহায্যে জোরকদমে মাটি সরানোর কাজ চলছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খনি এলাকায় ভিড় জমান নিখোঁজদের পরিজনেরা। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার প্রভাব ধামাচাপা দিতে স্থানীয় কিছু কয়লা মাফিয়া মৃত ও আহতদের পরিবারকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে প্রিয়জনদের একঝলক দেখার আশায় অনড় রয়েছেন তাঁরা। প্রশাসনের প্রতি তাঁদের আর্জি, যেন দ্রুত বাকিদের জীবিত উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বড়িরা ওপেন কাস্ট খনিতে ধসে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে প্রতিদিন এই খনি থেকে ৩-৪ ট্রাক অবৈধ কয়লা পাচার হয় আশেপাশের ভাটায়। বারবার দুর্ঘটনা সত্ত্বেও কেন মাফিয়াদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না, তা নিয়ে খনি কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধারকাজ শেষ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *