জামুড়িয়া ও আসানসোল: প্রকাশ্য রাস্তায় বালির ট্রাক দাঁড় করিয়ে “তোলাবাজি” করে টাকা আদায়! আর সেই কাজটি করছেন জামুড়িয়ার বিজেপি (BJP) নেতা রাকেশ মাজি! এমন দৃশ্যই এবার ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হওয়া সেই ভিডিও প্রকাশ্যে আসতেই আসানসোলের (Asansol) জামুড়িয়ায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এরপরেই তড়িঘড়ি রবিবার রাতে জামুড়িয়া থানার পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
স্বাভাবিক ভাবেই এই ঘটনাটি প্রকাশ্য আসতেই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নেতৃত্ব। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ঘটনাস্থল হল জামুড়িয়া (Jamuria) বিধানসভার মদনতোড় পঞ্চায়েত সংলগ্ন রাস্তা। এলাকাটি জামুড়িয়া থানার চুরুলিয়া ফাঁড়ির অন্তর্গত।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক একটি বালির ট্রাক থামিয়ে প্রকাশ্যে টাকা চাইছেন। মোবাইল ফোনে তার এক ব্যক্তির সঙ্গে কথোপকথন চলছে। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, “আমাদের মদনতোড় পঞ্চায়েতে কিছু নেই। আগে ওভারলোড গাড়ি চললে ৫০০ টাকা নিয়ে ছেড়ে দিতাম। এখন স্টক থেকে আন্ডারলোড গাড়ি যাচ্ছে। তাই ২০০ টাকা করে নিচ্ছি।” অভিযুক্ত যুবকের নাম রাকেশ মাজি। তিনি জামুড়িয়া বিধানসভার জামুড়িয়া মন্ডল ১-এর বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ বলে জানা গেছে।
ভিডিও ভাইরাল হওয়ার পরেই স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীরা প্রশ্ন তুলে বলছেন, প্রকাশ্যে এভাবে তোলাবাজি চলছে। পুলিশ প্রশাসন কী করছে?
এদিকে, এই ভিডিও ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, রাস্তায় প্রকাশ্যে এভাবে টাকা তোলা হলে ব্যবসা কীভাবে চলবে? যদিও বিজেপি নেতৃত্বের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

