উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বারবার বাধা পাওয়া সত্ত্বেও দিল্লির অনেক উন্নয়ন করেছেন। তাই তাঁর নোবেল পুরস্কার (Nobel Prize) পাওয়া উচিত বলে দাবি করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর এই মন্তব্য সামনে আসতেই তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP)। কেজরির এই মন্তব্যকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার চণ্ডীগড়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আপ সুপ্রিমো (AAP)। সেখানেই বক্তব্য রাখার সময় তাঁর প্রশাসনের সাফল্যকে তুলে ধরে কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে আমাদের সরকার থাকাকালীন যে কোনও কাজে বারবার বাধা দেওয়া হয়েছে। তবুও আমরা কাজ করেছি। একজন লেফটেন্যান্ট গভর্নর থাকা এবং বিভিন্ন অসুবিধার মধ্যেও শাসন ও প্রশাসনের জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত।’
নিজের ভাষণে কেজরিওয়াল দাবি করেন, তাঁর আপের শাসন মডেল স্বচ্ছতা এবং সততার উপর নির্মিত। তিনি বলেন, ‘যদি কোনও সরকার দুর্নীতিগ্রস্ত হয়, তবে সেই মডেল একদিনে ভেঙে পড়বে। কিন্তু দিল্লি এবং পঞ্জাবে তাঁর দলের সাফল্য দুর্নীতি দমন এবং জনসাধারণের অর্থ সাশ্রয়ের উপর ভিত্তি করেই। আমরা স্কুল এবং হাসপাতাল মেরামত করেছি এবং বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছি। কারণ আমরা দুর্নীতি দমন করেছি।’
এদিকে, কেজরিওয়ালের এই মন্তব্যের পরই পালটা কটাক্ষ ধেয়ে এসেছে বিজেপির তরফে। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, ‘কেজরিওয়ালের নিজের জন্য নোবেল পুরস্কার দাবি করা হাস্যকর। যদি অযোগ্যতা, নৈরাজ্য এবং দুর্নীতির জন্য কোনও বিভাগ থাকত, তাহলে তিনি অবশ্যই নোবেল পুরস্কার পেতেন।’ উলটে তিনি আপ সরকারের শাসনকালে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। নিজের ভাষণে কেজরিওয়াল এও অভিযোগ করেছিলেন যে, বিজেপি বিধায়ক এবং মন্ত্রীরা শাসনের চেয়ে লুটপাটে বেশি আগ্রহী। সেজন্য আপের শাসনকে ইতিমধ্যেই দিল্লিবাসী ফের চাইছেন। কিন্তু আপ সুপ্রিমোর এই দাবি খারিজ করে বীরেন্দ্র সচদেব জানান, দিল্লির মানুষ এখনও কেজরিওয়ালের নেতৃত্বে ধারাবাহিক কেলেঙ্কারির কথাই মনে রেখেছে।
