উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনে পরিবর্তনের হাওয়া কার্যত সুনামিতে পরিণত হল। নন্দীগ্রামের পর এবার খোদ নিজের খাসতালুক ভবানীপুরেও পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। তবে এই পরাজয়ের তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে টালিগঞ্জের ফলাফল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা রাজ্যের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর (Papiya Adhikari) কাছে।
২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বিশ্বস্ত সৈনিক অরূপ বিশ্বাস এবার আর নিজের গড় রক্ষা করতে পারলেন না। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অন্তিম পর্যায়ের গণনার শেষে দেখা গেছে, বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী জয়ী হয়েছেন ৬০১৩ ভোটের ব্যবধানে।
- পাপিয়া অধিকারী (বিজেপি): ৮৮,৪০৭ ভোট।
- অরূপ বিশ্বাস (তৃণমূল): ৮২,৩৯৪ ভোট।
রাজনৈতিক মহলের মতে, টালিগঞ্জ স্টুডিওপাড়ায় অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের যে একছত্র আধিপত্য ছিল, এই ফলাফল তারই প্রতিক্রিয়া। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ‘মাফিয়ারাজ’ চালানোর অভিযোগ তুলছিলেন কলাকুশলীদের একাংশ। সামান্য বিরোধিতার কারণে বহু শিল্পী ও প্রযুক্তিবিদকে কাজ থেকে বঞ্চিত করার যে অভিযোগ উঠেছিল, ভোটের বাক্সে টালিগঞ্জের মানুষ তারই যোগ্য জবাব দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাম্প্রতিক সময়ে লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে অব্যবস্থার জেরে অরূপের হাত থেকে ক্রীড়ামন্ত্রক সরিয়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে দল ও প্রশাসনে তাঁর গুরুত্ব কমেনি। কিন্তু এদিনের এই হার তাঁর রাজনৈতিক অস্তিত্বকেই বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। নেত্রীর পাশাপাশি তাঁর এই পরাজয় তৃণমূলের সংগঠনের কঙ্কালসার চেহারাটাই সামনে এনে দিল।
