বাগডোগরাঃ রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো উত্তরবঙ্গ সফরে এলেন অর্জুন সিং (Arjun Singh North Bengal Go to)। উত্তরবঙ্গের বন্ধ চা বাগানসহ একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে আয়োজিত এই বৈঠকে যোগ দিতে রবিবার তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে রয়েছেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য।
উত্তরকন্যায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তরবঙ্গের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের সাংসদ ও বিধায়কদের উপস্থিত থাকার কথা রয়েছে। বন্ধ চা বাগানের ভবিষ্যৎ এবং এই অঞ্চলের সামগ্রিক শিল্প পরিকাঠামো উন্নয়নের পথ সুগম করাই এই বৈঠকের মূল লক্ষ্য।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগের সরকারের কড়া সমালোচনা করেন অর্জুন সিং। তিনি বলেন, “পূর্ববর্তী নীতিগুলোর কারণে শিল্পের অবস্থা করুণ হয়েছে। ৩৪ বছর বাম শাসন ও ১৫ বছর তৃণমূলের জমানায় বাংলা প্রায় ৪৯ বছর পিছিয়ে গিয়েছে।” তিনি আরও দাবি করেন, বর্তমানে রাজ্যে শিল্পের নীতি পরিবর্তন করা হয়েছে, যাতে বাংলার যুবসমাজকে আর কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে না হয়।
মন্ত্রী এদিন দ্ব্যর্থহীন ভাষায় জানান, বাংলায় ‘সিন্ডিকেট রাজ’ পুরোপুরি খতম করা হবে। রাজ্যে চলমান রাজনৈতিক পটপরিবর্তন ও মমতা-ঋতব্রত শিবিরের দ্বন্দ্বের কথা উল্লেখ করে নাম না করে তিনি বলেন, “কারও ঘর ভাঙছে, কারও ঘর জুড়ছে—এতে আমরা মজা নিচ্ছি।”রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি (UCC) লাগু হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। জেলা সভাপতি বদল বা অনুব্রত মণ্ডল সংক্রান্ত রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে যান তিনি। তবে চা বাগানের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে তিনি যে বদ্ধপরিকর, তা স্পষ্ট করেছেন।
শ্রম ও পরিবহণ মন্ত্রীর এই সফর ও উত্তরকন্যায় বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন উত্তরবঙ্গবাসী। চা শিল্পের সংকট মোচন এবং কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে নতুন মন্ত্রী কী রূপরেখা গ্রহণ করেন, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

