উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝ আকাশে সহ-পাইলটের সেই রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই চাঞ্চল্যকর মোড়। ইয়েমেনের জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (AQAP)-এর মুখপত্র ‘আল-বায়ান’-এর সাম্প্রতিক সম্পাদকীয়তে ওমানি সহ-পাইলটের এই আত্মঘাতী পদক্ষেপকে খোলাখুলিভাবে সমর্থন ও প্রশংসা করা হয়েছে। শুধু তাই নয়, আমেরিকার এবং ইজরায়েলের বিমানগুলিকে লক্ষ্য করে আগামী দিনে এই ধরনের আরও হামলার হুমকি দেওয়া হয়েছে।
‘সেপ্টেম্বর ১১ থেকে সেপ্টেম্বর ৩০’ শিরোনামে প্রকাশিত ওই সম্পাদকীয়টিতে ২০০১ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হানার ছবির পাশাপাশি তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের (FZ 1073) বিমানটির ছবিও ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানটি হাইজ্যাক করতে পারলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ সম্পূর্ণ বদলে যেত।
সংগঠনটির বক্তব্য, মার্কিন, ইজরায়েলি এবং ইসলাম-বিরোধী শক্তিগুলির বিমান এখনও আকাশে উড়ে বেড়াচ্ছে এবং ১১ সেপ্টেম্বর বা ৩০ সেপ্টেম্বরের মতো এগুলিও হামলার মুখে অত্যন্ত সংবেদনশীল। এমনকি অমুসলিমরাও যদি আমেরিকা ও ইজরায়েলে আক্রমণ চালায়, তবে তা দিনশেষে ইসলামের স্বার্থই পূরণ করবে বলে মন্তব্য করেছে আল-কায়েদার এই শাখা সংগঠনটি। উল্লেখ্য, গত বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ওই ফ্লাইদুবাই (FlyDubai) বিমানে ওমানি সহ-পাইলট হামাম আল-হাম্মামি ককপিটে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের ওপর হামলা চালিয়ে বিমানটিকে নিয়ন্ত্রণহীন করে তোলার চেষ্টা করেছিলেন, যা ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

