নাগরাকাটা: বুধবার নাগরাকাটায় (Nagrakata) আনুষ্ঠানিকভাবে শুরু হলো নতুন সরকারি প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)। এই প্রকল্পের প্রথম ধাপেই ব্লকের ৫ হাজার মহিলা ৩ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পেলেন। এদিন নাগরাকাটা বিডিও অফিসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত ১০০ জন মহিলার হাতে সংশাপত্র তুলে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, যারা আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের উপভোক্তা ছিলেন, তাঁদের এই নতুন প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। নাগরাকাটা ব্লকে লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত মহিলার সংখ্যা ২০ হাজারের বেশি। পর্যায়ক্রমে তাঁদের সবাইকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা জমা পড়ায় খুশি প্রকাশ করেছেন বামনডাঙ্গার চা শ্রমিক সারিতা ওরাওঁ, জুলিতা ওরাওঁ ও সুমন্তি টিগ্গারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল, বিডিও জয়প্রকাশ মণ্ডল, সমাজসেবী অরুণ ওয়াইবা, তন্ময় নার্জিনারি, বরুণ মিত্র, ওমপ্রকাশ রায় ও রাজীব তির্কি প্রমুখ। বিডিও জয়প্রকাশ মণ্ডল জানান, এখন থেকে অনলাইনের মাধ্যমেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। চা বলয়ের বাসিন্দাদের মধ্যে এই প্রকল্পের ঘোষণায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
