উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পরেই দেওয়া প্রতিশ্রুতি পালন শুরু করল সরকার। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প (Annapurna Bhandar)। এদিন প্রথম ধাপে ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। নবান্নে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন এই নতুন উদ্যোগ, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “পূর্ববর্তী সময়ের তালিকা যাচাই করে দেখা গিয়েছে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। আবার এমন লক্ষ লক্ষ ব্যক্তি রয়েছেন, যারা একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। আমরা চাই না কোনো অভারতীয় বা অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে সরকারের টাকা যাক। তাই স্বচ্ছতা বজায় রাখতে নতুন করে তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই আবেদন করা যাবে। যারা অফলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন না, তাদের বাড়ি বাড়ি সরকারি প্রতিনিধি পাঠানো হবে। এই ফর্ম ফিলাপের সমস্ত দায়িত্ব নিয়েছে সরকার। আগামী তিন মাস ধরে এই প্রক্রিয়া চলবে এবং প্রতি সাতদিন অন্তর তালিকা সংশোধন করা হবে। মন্ত্রী আরও জানান, ফর্ম ফিলাপের পর যাচাইপর্ব শেষ হলে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
সরকার পরিবর্তনের পরেই এই প্রকল্পের দ্রুত রূপায়ণ সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির খবর নিয়ে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, আগামী তিন মাসে কত দ্রুত বাকি যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের আওতায় আসেন।
