উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : উত্তরপ্রদেশের শামলি জেলায় জিম থেকে বেরোনোর সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। ৩৫ বছর বয়সি ওই গায়ককে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ শামলিতে একটি জিম থেকে ওয়ার্কআউট শেষ করে নিজের গাড়ির দিকে আসছিলেন অঙ্কিত। সেই সময় চার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হঠাৎই তাঁর ওপর হামলা চালায়, এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। অঙ্কিতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলাকারীরা তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দেয়। ঘটনার পর গায়কের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দিল্লি-মুজাফ্ফরনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোগী গ্যাং। গ্যাংয়ের সঙ্গে যুক্ত ভোলু শাহপুরিয়া ইনস্টাগ্রামে একটি পোস্টে দাবি করেছে, ওই গায়কের সঙ্গে তাদের শত্রুদের যোগাযোগ ছিল। গায়ক তাদের গ্যাং সম্পর্কিত একটি গান তৈরি করেছিলেন। পোস্টে হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘‘এটি তো কেবল শুরু, প্রত্যেকের পালা আসবে।’’ পাশাপাশি উত্তরপ্রদেশ পুলিশকেও হুমকি দিয়েছে অপরাধী চক্রটি।

