উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা এক দশকের বেশি সময় ধরে বছর আইপিএল (IPL) খেলার পর রবিবার আইপিএল থেকে অবসর (Retirement) নেওয়ার কথা ঘোষণা করলেন আন্দ্রে রাসেল (Andre Russell)।
২০১২ সাল থেকে আইপিএল খেলেন তিনি। প্রথম দুই বছর দিল্লির হয়ে খেলেন তিনি। এরপর ২০১৪ সাল থেকে এতদিন কলকাতার হয়ে খেলছিলেন তিনি। কিন্তু এবার কলকাতা তাঁকে ছেড়ে দেয়। তারপর জল্পনা চলছিল তাঁকে হয়ত চেন্নাই দলে নিতে পারে। কিন্তু তাঁর অবসর ঘোষণায় শেষ পর্যন্ত তা সম্ভব থাকল না।
তবে রাসেল পাকাপাকিভাবে আইপিএল বা কেকেআর-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। আগামী মরশুমে তাঁকে নাইটদের সঙ্গেই দেখা যাবে। অর্থাৎ কেকেআরের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিতে চলেছেন তিনি।
রবিবার সোশাল মিডিয়ায় রাসেল লেখেন, “এবার থেকে আইপিএলে আর খেলব না। ১২ বছরে অনেক স্মৃতি জমেছে। কেকেআর পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তবে আমি আমার পরিবার কেকেআর ছাড়ছি না। আগামী মরশুমে কেকেআরের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেব।
কেকেআরের রিটেনশন তালিকায় রাসেলের নাম না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তাঁর অগণিত ভক্ত তাঁকে আর কলকাতার হয়ে খেলতে দেখতে পাবেন না বলে অনেক কষ্ট পেয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের অসময়ের সাথী রাসেল। মাঠে ব্যাট বল হাতে ঝড় তুলে বহু ম্যাচ জিতিয়েছেন।
৩৭ বছর বয়সি এই তারকা অলরাউন্ডার ২০২৫ সালের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তারপর এদিন আইপিএল। গত বছর আইপিএলে খুব একটা ভালো ফর্মে ছিলেন না রাসেল। সেকারণেই সম্ভবত নাইট ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে খেলা ছেড়ে কোচিং স্টাফ হিসেবে যোগ দিচ্ছেন।
