উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওএনজিসি-র (ONGC) তেলকূপে গ্যাস লিক (Gasoline Leak) করার পরই দাউদাউ করে জ্বলে উঠল আগুন। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কোনাসীমা জেলার একটি গ্রামে। এরপরই গ্রামের হাজার হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে প্রশাসন (Mass Evacuation)।
জানা গিয়েছে, তেলকূপটি কোনাসীমার ইরুসুমানডা গ্রামে অবস্থিত। সোমবার ওই তেলকূপটিতে মেরামতির কাজ চলাকালীন আচমকাই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। মুহূর্তের মধ্যে পাইপলাইন দিয়ে প্রবল বেগে অপরিশোধিত তেল এবং গ্যাসের মিশ্রণ বাতাসে ছড়িয়ে পড়ে। আর গ্যাস লিক হওয়া শুরু হতেই দাউদাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই গ্যাস ও ধোঁয়ার জেরে ঢেকে যায় ইরুসুমানডা ও আশেপাশে এলাকাগুলি।
এরপরই নিরাপত্তার খাতিরে কর্তৃপক্ষ ঘোষণা করে যাতে আশেপাশের গ্রামের বাসিন্দারা আপাতত বিদ্যুৎ এবং গ্যাস ব্যবহার করার থেকে বিরত থাকেন। পরিস্থিতি বুঝে স্থানীয় প্রশাসনের তরফে গ্রামবাসীকে অবিলম্বে ওই এলাকা খালি করতে বলা হয়। এরপরই বাসিন্দারা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
Gasoline Leak Feared as ONGC Pipeline Affected After Loud Explosion in Andhra’s Konaseema District#AndhraPradesh #Konaseema #Explosion #Gasleak #ONGC #Pipeline pic.twitter.com/Nb04nmTqa7
— mishikasingh (@mishika_singh) January 5, 2026
এদিকে, এদিন গ্যাস লিকের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ওএনজিসি কর্মীরা। গোটা এলাকাটি ঘিরে ফেলে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন জেলার ঊর্ধ্বতন কর্তারা।
