উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে খোদ তিলোত্তমায় দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah Cost Sheet)। শনিবার নিউ টাউনের এক অভিজাত হোটেলে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একটি ‘চার্জশিট’ উন্মোচন করেন তিনি।
অনুপ্রবেশ ও জাতীয় নিরাপত্তা:
অমিত শা তাঁর ভাষণে বাংলার ভোটকে (West Bengal Election 2026) কেবল ক্ষমতার লড়াই নয়, বরং ‘জাতীয় নিরাপত্তার’ প্রশ্ন হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “অসমে অনুপ্রবেশ বন্ধ হয়েছে, এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই অনুপ্রবেশের রাস্তা খোলা রয়েছে। দেশের অখণ্ডতা ও সুরক্ষা রক্ষায় তাই বাংলার এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” শা জানান, এই চার্জশিট তৃণমূলের ১৫ বছরের কালো সময়ের সংকলন। সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সিন্ডিকেট রাজ প্রতিষ্ঠা করে বাংলার মানুষকে শোষণ করার কাহিনি।
শুভেন্দুর প্রশংসা ও ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ’ তত্ত্ব:
এদিনের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভূয়সী প্রশংসা করেন শা। তিনি জানান, শুভেন্দু গোটা রাজ্য সফর করে সরকারের ‘বেহাল দশা’র চিত্র জনগণের সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে শুভেন্দুর ওপর কেন্দ্রীয় নেতৃত্বের এই আস্থা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি বিহার, ওডিশা এবং বাংলায় একই দলের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ’ এক করার ডাক দেন তিনি।
ভয় বনাম ভরসা:
ভোটারদের উদ্দেশ্যে শা-র সোজাসাপটা প্রশ্ন— “আপনারা কি ভয়ের রাজত্বে থাকবেন, না কি উন্নয়নের ভরসাকে বেছে নেবেন?” তাঁর মতে, এই ভোট হলো প্রাণনাশের ভয়, কর্মসংস্থান হারানোর ভয় এবং জনবিন্যাস পরিবর্তনের ভয় থেকে মুক্তি পাওয়ার লড়াই। একইসঙ্গে মমতার ‘ভিক্টিম কার্ড’ রাজনীতিকেও কটাক্ষ করেন তিনি। শা-র দাবি, ভোট এলেই তৃণমূল নেত্রী অসুস্থতা বা পা ভেঙে যাওয়ার অজুহাতে জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন, কিন্তু এবার সেই কৌশল আর কাজে আসবে না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে বলেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
