Amit Shah | শ্যামাপ্রসাদ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনে অমিত শা-শুভেন্দু, মঞ্চে শিলিগুড়ির মাখনলাল

Amit Shah | শ্যামাপ্রসাদ মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনে অমিত শা-শুভেন্দু, মঞ্চে শিলিগুড়ির মাখনলাল

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শহর কলকাতার (Kolkata) বুকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে অমর করে রাখতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইকোপার্কে বসতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক সুবিশাল ১২৫ ফুটের মূর্তি। সোমবার তাঁর জন্মজয়ন্তীতে এই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই অনুষ্ঠান এক অন্য মাত্রা পেল।

এদিনের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড়ে সকলের নজর কেড়ে নিলেন শিলিগুড়ির প্রবীণ বিজেপি কর্মী মাখনলাল সরকার। উল্লেখ্য, গত ৯ মে নতুন সরকারের শপথ গ্রহণ মঞ্চেও উপস্থিত ছিলেন শিলিগুড়ির এই প্রবীণ। এমনকি সেদিন সেই মঞ্চে তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন প্রধানমন্ত্রী মোদি। তারপর থেকেই চর্চায় রয়েছেন তিনি। এদিনও এই প্রবীণ কর্মীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি তাঁর হাতে একটি দুর্গামূর্তিও তুলে দেন অমিত শা। একদিকে যখন শ্যামাপ্রসাদের আদর্শকে পাথেয় করে রাজ্যের ‘ডাবল ইঞ্জিন’ সরকারের পথচলার কথা শোনা গেল, তখন দলের ‘প্রবীণ যোদ্ধা’র প্রতি এই সম্মান প্রদর্শন দলীয় কর্মীদের মধ্যে এক নতুন উৎসাহ জোগাল বলেই মনে করছেন অনেকে।

এদিন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একনাগাড়ে আক্রমণ শানালেন পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর কংগ্রেসের হাত ধরে দেশ ভাগের যন্ত্রণা, ৩৪ বছরের বাম রাজত্ব এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূল সরকার—সবাই মিলে পরিকল্পিতভাবে বাংলার আসল ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে। তিনি আরও দাবি করেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গের ভারতভুক্তি সম্ভব হত না। তাঁর আদর্শই বাংলার শাসনব্যবস্থার ভিত্তি।

মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ‘রাষ্ট্র, সুর ও সংস্কৃতি’ শীর্ষক একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনদর্শন ও তাঁর রাজনৈতিক লড়াইকে তুলে ধরা হয় এই প্রদর্শনীর মাধ্যমে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই কর্মসূচি থেকে রাজ্য সরকারের মূল লক্ষ্য হিসেবে উঠে এল—পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধার এবং শ্যামাপ্রসাদের দেখানো পথে আগামী দিনের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। কলকাতার বুকে ১২৫ ফুটের এই মূর্তির পরিকল্পনা আগামী দিনে কি বাংলার রাজনীতির মানচিত্রে এক নতুন প্রতীকে পরিণত হতে চলেছে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *