Amit Shah | বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ, ৪৩ শতাংশ কাজ শেষ করেছেন শুভেন্দু: অমিত শা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে সরকার বদলের ১০০ দিন পূর্ণ হয়েছে। বর্তমান রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। শিলিগুড়ির কাওয়াখালির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) ইতিমধ্যেই তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির ৪৩ শতাংশ কাজ সফলভাবে সম্পন্ন করেছেন।

এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক পদক্ষেপের বিস্তারিত বিবরণ দেন। তিনি উল্লেখ করেন, দেশের সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতার লাগানোর কাজে জমির প্রয়োজন ছিল। বাংলায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই সেই জমির জট কাটিয়ে প্রয়োজনীয় জমি হস্তান্তর করেছে। এর পাশাপাশি, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) প্রসঙ্গে অমিত শা স্পষ্ট জানান, বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের এই আইনের মাধ্যমেই নাগরিকত্ব প্রদান করা হবে। সম্প্রতি প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, নাগরিকত্বের জন্য জমা পড়া সমস্ত আবেদন সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে পাঠানো হবে এবং সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে তাঁরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এদিনের সভায় নতুন ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়নের প্রসঙ্গও জোরালোভাবে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকার সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির সাম্রাজ্য বজায় রাখতে এই আইন রাজ্যে লাগু করতে বাধা দিয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম এই সংক্রান্ত ফাইলেই সই করেছেন। জিরো এফআইআর (Zero FIR) এবং ছয় বছরের বেশি শাস্তির ধারায় ফরেন্সিক টিমের রিপোর্ট বাধ্যতামূলক করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তাঁর বক্তব্যে উঠে আসে। শিখ দাঙ্গা, ভোপাল গ্যাস দুর্ঘটনা বা নানুর হত্যাকাণ্ডের মতো পুরোনো ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, অতীতে ন্যায়বিচার পেতে বহু দশক সময় লেগে গেলেও বর্তমান ব্যবস্থায় খুব দ্রুত বিচার পাওয়া নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *