উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ভোট চুরি’ বিতর্কে সংসদে বেনজির বাকযুদ্ধে জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। বুধবার লোকসভায় নির্বাচনি সংস্কার নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শা বলেন, ‘বিরোধীরা বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে উদ্বিগ্ন কারণ এতে অবৈধ অভিবাসীদের নাম মুছে ফেলা হবে।’ আর তখনই শাকে বাধা দিয়ে নিজের তুলে ধরা ইস্যু ‘ভোট চুরি’ নিয়ে প্রশ্নের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানান রাহুল। তিনি বলেন, ‘আমি আপনাকে সংবাদ সম্মেলনে বিতর্ক করার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি।’ রাহুলের এহেন বক্তব্য শুনেই তেড়েফুঁড়ে ওঠেন শা। শা সাফ জানান, তিনি কী বলবেন তা রাহুল ঠিক করে দিতে পারেন না। তাকে ধৈর্য ধরতে শিখতে হবে। বলেন, ‘আমি আমার বক্তৃতার ক্রম নির্ধারণ করব, আমি কী বলব তা নির্ধারণ করব।’
এই বছরের শুরুতে, রাহুল গান্ধি তিনটি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন যে ভারতীয় নির্বাচন কমিশনের (ECI) সঙ্গে যোগসাজশে বিজেপি ভোট চুরিতে লিপ্ত হয়েছে। তার তিনটি সংবাদ সম্মেলনে, তিনি কর্ণাটক, মহারাষ্ট্র এবং হরিয়ানায় ‘ভোট চুরি’র উদাহরণ তুলে ধরেন। যদিও এদিন সংসদে বক্তব্যে অমিত শা রাহুলের ভোট চুরির অভিযোগকে তীব্র কটাক্ষে উড়িয়ে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাহুল গান্ধির হাইড্রোজেন বোমা কেবল ‘ভোট চুরি’’র আখ্যান তৈরি করার জন্য ছিল।’ নেহরু-গান্ধি পরিবারের প্রতি স্পষ্ট ইঙ্গিত করে শায়ের দাবি, কিছু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ‘ভোট চোর’ ছিল। যদিও কংগ্রেসের পক্ষ থেকে শায়ের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।
নিজের বক্তব্যে কংগ্রেসের ৩ টি ভোট চুরির অভিযোগ তুলে ধরেন শা। তিনি দাবি করেন, ‘যে স্বাধীনতার পরে, সর্দার প্যাটেল কংগ্রেসের সভাপতির জন্য ২৮টি ভোট পেয়েছিলেন, কিন্তু জওহরলাল নেহরু দুটি ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এটি ছিল ভোট চুরি।’ এর পরে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন শাহ। তিনি বলেন, ‘এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধির নির্বাচন বাতিল করে দিয়েছিল। তখন তিনি গদি বাঁচাতে সংবিধান সংশোধন করেছিলেন। এটি ছিল গণতন্ত্রের উপর দ্বিতীয় আঘাত এবং ভোট চুরির নির্লজ্জ উদাহরণ।’ একই সঙ্গে সোনিয়া গান্ধি ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই নির্বাচনে ভোট দিয়েছিলেন বলে জানান শা।
উল্লেখ্য, মঙ্গলবার, দিল্লির একটি আদালত ১৯৮০-৮১ সালে ভারতীয় নাগরিক হওয়ার আগে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার পদ্ধতিতে অনিয়মের জন্য প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নোটিশ জারি করেছে। তবে কংগ্রেস যুক্তি দিয়েছে যে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও সোনিয়া কখনও ভোট দেননি।
