Alipurduar | ঘন কুয়াশায় পথ ভুলল গন্ডার! জলদাপাড়া থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডবে চরম আতঙ্ক

Alipurduar | ঘন কুয়াশায় পথ ভুলল গন্ডার! জলদাপাড়া থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডবে চরম আতঙ্ক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শালকুমারহাট: রাতভর ঘন কুয়াশার দাপট, আর সেই সুযোগেই জলদাপাড়া জাতীয় উদ্যান (Jaldapara Nationwide Park) থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ল একটি গন্ডার (Rhino)। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে গন্ডারটি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গ্রামে দাপিয়ে বেড়ায় বুনোটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শিসামারা নদীর ওপারেই জলদাপাড়া বনাঞ্চল। সাধারণত এই এলাকায় হাতি বা বাইসনের দেখা মিললেও, গন্ডার সচরাচর ঢুকে পড়ে না। তাই এদিন সকালে ঘন কুয়াশার মধ্যে হঠাৎ গন্ডারটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

জঙ্গল থেকে বেরিয়ে গন্ডারটি প্রথমে জহিরুল হক নামে এক ব্যক্তির একটি গোরুকে আক্রমণ করে। গোরুটি গুরুতর জখম হয়েছে বলে খবর। এরপর একটি বাড়ির সামনে রাখা মোটরবাইকেও ধাক্কা মারে গন্ডারটি। গ্রাম ঘুরে শেষমেশ নতুনপাড়া বাজারে পৌঁছে যায় বুনোটি। সেখান থেকে সোজা গিয়ে আশ্রয় নেয় স্থানীয় বাসিন্দা অমূল্য রায়ের পুকুরে। দীর্ঘক্ষণ সেখানেই ছিল গন্ডারটি।

এদিকে, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। তবে উৎসুক জনতার ভিড় এবং হইচইয়ের কারণে গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার প্রচেষ্টায় গন্ডারটিকে ড্রাইভ করে নিরাপদ দূরত্বে জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়।

বন দপ্তরের প্রাথমিক অনুমান, প্রচন্ড কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিকভ্রান্ত হয়েই গন্ডারটি লোকালয়ে চলে এসেছিল। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের আরও সচেতন থাকার এবং বন্যপ্রাণী দেখলে দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে। বড় কোনও দুর্ঘটনা না ঘটায় আপাতত স্বস্তিতে বন দপ্তর ও স্থানীয় প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *