Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের প্রভাবেই কি তবে ডানা ছাঁটা হচ্ছে আন্তর্জাতিক উড়ান পরিষেবার? দেশবাসীকে অন্তত এক বছরের জন্য বিদেশযাত্রা কমিয়ে দেশের অভ্যন্তরে পর্যটনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর সেই বার্তার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক রুটে একগুচ্ছ বিমান পরিষেবা বাতিলের কথা জানাল ভারতের অন্যতম বৃহৎ উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। যদিও সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বার্তার কথা সরাসরি উল্লেখ করা হয়নি, তবে টাইমিং নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাসের জন্য অর্থাৎ অগাস্ট পর্যন্ত অন্তত ৭টি উড়ান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। শিকাগো এবং নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ মার্কিন শহরগুলোতে আপাতত উড়ান বন্ধ থাকছে। এছাড়াও ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় গন্তব্য যেমন সিঙ্গাপুর, ব্যাঙ্কক, ঢাকা, কাঠমাণ্ডু এবং কলম্বোর উড়ানেও ব্যাপক কাটছাঁট করা হয়েছে। সব মিলিয়ে অন্তত ২২টি আন্তর্জাতিক উড়ানের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে সারা বিশ্বেই বাড়ছে অপরিশোধিত তেলের দাম যার প্রত্যক্ষ প্রভাবে বিমানের জ্বালানির দাম বাড়ছে হুহু করে। এহেন পরিস্থিতিতে দিনকয়েক আগেই এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট কমানো হবে দেশীয় ও আন্তর্জাতিক-দুই ধরনের রুটেই। সেই একই যুক্তি দেখিয়ে বুধবার আন্তর্জাতিক বিমানে (Worldwide Flights Cancelled) কাটছঁটের ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। বিবৃতি দিয়ে বলা হয়, ‘বেশকিছু এলাকায় আকাশসীমা এখনও বন্ধ। সেই সঙ্গে জেট ফুয়েলের দাম চড়চড়িয়ে বাড়ছে। সেকারণেই কাটছাঁট করতে বাধ্য হচ্ছে সংস্থা।’

সম্প্রতি দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি আবেদন করেছিলেন, “বৈদেশিক মুদ্রা বাঁচানোর যত উপায় আছে, সব আমাদের করতে হবে। অন্তত এক বছরের জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা স্থগিত রাখুন। ভারতে ঘোরার মতো অনেক জায়গা আছে।” প্রধানমন্ত্রীর এই আহ্বানের পরেই ভারতবাসীদের অতি পছন্দের পর্যটন কেন্দ্রগুলোর বিমান পরিষেবা কমে যাওয়ায় অনেকেই একে প্রধানমন্ত্রীর বার্তার পরোক্ষ প্রতিফলন হিসেবে দেখছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *