উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পর্দার বিয়ে অনেক দেখেছেন দর্শক, এবার বাস্তব জীবনে নতুন অধ্যায় শুরু করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। তবে কোনও বাঙালি পাত্রের গলায় মালা দিচ্ছেন না তিনি। অভিনেত্রী মন দিয়েছেন এক দক্ষিণ ভারতীয় তরুণকে। পাত্রের নাম বিগ্নেশ আইয়ার (Vignuesh Iyer)। গত ২৫ জানুয়ারি মুম্বইয়ের একটি খামারবাড়িতে ঘটা করে বাগদান সেরেছেন তাঁরা (Engagement)।
বাগদানের দিন সম্পূর্ণ দক্ষিণী সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। পরনে ছিল গাঢ় লাল রঙের ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি, সঙ্গে মানানসই ভারী গয়না। লম্বা বিনুনিতে সোনালি অলংকার আর ফুলের সাজে তাঁকে চেনাই দায় ছিল। অন্যদিকে পাত্র বিগ্নেশ পরেছিলেন সাদা দক্ষিণী লুঙ্গি ও নীল পাঞ্জাবি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতেই আংটি বদল সারেন এই যুগল।
সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অভিনেত্রী। হবু স্বামী বিগ্নেশকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “যে ভালোবাসা সারাজীবন চেয়েছিলাম, তেমনই একজনের সঙ্গে সম্পর্কের বাঁধনে যুক্ত হয়েছি। একটা সাধারণ ‘হ্যালো’ থেকে আজ সারাজীবনের বন্ধনে আবদ্ধ হলাম।”
প্রসঙ্গত, অদ্রিজা ও বিগ্নেশের আলাপ খুব বেশিদিনের নয়। গত বছর মে মাসে এক বন্ধুর পার্টিতে প্রথম দেখা, তারপর ইনস্টাগ্রামে শুরু হয় আলাপচারিতা। জুনে প্রথম ডেটে যান তাঁরা। তখনই অভিনেত্রী বুঝেছিলেন, তাঁর মনের মানুষ বিগ্নেশই। অদ্রিজা আগে থেকেই চেয়েছিলেন জীবনসঙ্গী যেন বিনোদন জগতের বাইরের কেউ হন। বিগ্নেশ পেশায় অভিনেতা নন।
আপাতত বাগদান সেরে রাখলেও এখনই ছাদনাতলায় বসছেন না এই জুটি। অভিনেত্রী জানিয়েছেন, বছর দুয়েক পরে বড় করে বিয়ের অনুষ্ঠান হবে। তখন বাঙালি ও দক্ষিণ ভারতীয়— দুই পরিবারের রীতি মেনেই চার হাত এক হবে তাঁদের। বর্তমানে ‘অনুপমা’ ধারাবাহিকের কাজে ব্যস্ত অদ্রিজা পাকাপাকিভাবে মুম্বইয়ের বাসিন্দা হলেও, তাঁর এই নতুন যাত্রায় উচ্ছ্বসিত ভক্তরা।
