উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা অভিষেক শর্মা আরও একবার ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন। এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ টি ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই বিরল নজির গড়লেন। সৈয়দ মুশতাক আলি ট্রফি ২০২৫-২৬-এর একটি ম্যাচে পাঞ্জাব ও সার্ভিসেস মুখোমুখি হয়েছিল, সেখানেই এই কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদে সার্ভিসেসের বিপক্ষে পাঞ্জাবের হয়ে খেলতে নেমে অভিষেক শর্মা মাত্র ৩৪ বলে ৬২ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার এবং ৩টি ছক্কা। এই ইনিংসের সময়ই তিনি তাঁর ১০০টি ছক্কার মাইলফলক স্পর্শ করেন। এদিনের এই ম্যাচে বল হাতেও নজর কাড়েন অভিষেক। পাঞ্জাবের ৭৩ রানের জয়ের পথে তিনি ২টি উইকেট তুলে নেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। বর্তমানে তাঁর মোট ছক্কার সংখ্যা ১০১। এই বছর টি-টোয়েন্টিতে মাত্র ৩৬ ইনিংসে এই রেকর্ড গড়লেন তিনি। চলতি বছরে তাঁর টি-টোয়েন্টি পরিসংখ্যান নিম্নরূপঃ
মোট রান: ১,৪৯৯
গড়: ৪২.৮২
স্ট্রাইক রেট: ২০৪.২২
২৫ বছর বয়সী এই তারকা এখন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৯২০ রেটিং পয়েন্ট নিয়ে নম্বর-১ ব্যাটার। ঘরের মাঠে এমন দুর্দান্ত ফর্মে থাকার পর, ক্রিকেটপ্রেমীদের চোখ এখন তাঁর দিকে। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে ভারতীয় জার্সিতে দেখতে পাওয়ার অপেক্ষায় সকলে।
