উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত ১৫ বছরের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ‘উন্নয়নের পাঁচালি’ (Unnayaner Panchali)। বুধবার এই প্রচার অভিযানে খোদ শামিল হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এদিন বিকেলের কর্মসূচিতে যথেষ্ট চমক রয়েছে। তৃণমূল সূত্রে খবর, বিকেল চারটে নাগাদ ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা তথা প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বাড়িতে যাবেন অভিষেক। সেখানে তাঁর হাতে তুলে দেবেন রাজ্য সরকারের গত ১৫ বছরের সাফল্যের রিপোর্ট কার্ড। এই সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিকের পাশাপাশি তাঁর কন্যা কোয়েল মল্লিক এবং জামাতা তথা প্রযোজক নিসপাল সিং রানেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
মল্লিক বাড়ির কর্মসূচি সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাবেন নন্দনে। সেখানে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) আগামী কাজ ‘লক্ষ্মী এল ঘরে’-র একটি বিশেষ প্রদর্শনী রয়েছে। সেই অনুষ্ঠানে অংশ নেবেন ডায়মন্ড হারবারের সাংসদ।
তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রের ক্রমাগত ‘অর্থবঞ্চনা’ সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিজস্ব তহবিল থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছেন। দিল্লি বাংলার প্রাপ্য টাকা আটকে রাখলেও উন্নয়ন যে থমকে নেই, সেই বার্তাই গ্রাম থেকে শহর, সর্বত্র পৌঁছে দিতে চাইছেন দলের জনপ্রতিনিধিরা।
রাজনৈতিক মহলের মতে, একদিকে রঞ্জিত মল্লিকের মতো প্রবীণ ব্যক্তিত্বের বাড়িতে যাওয়া এবং অন্যদিকে রাজ চক্রবর্তীর অনুষ্ঠানে যোগ দেওয়া, অভিষেকের এই জোড়া কর্মসূচি আসলে ছাব্বিশের ভোটের আগে জনসংযোগকে আরও নিবিড় করার কৌশলী পদক্ষেপ। দলের পদাধিকারীদেরও একইভাবে উন্নয়নের খতিয়ান তুলে ধরার কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
