উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সকাল ১১টা নাগাদ তিনি নিজের বাসস্থান থেকে রওনা হন। আর তাঁর এই আকস্মিক যাত্রাকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে ও আইনি মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। তবে কি তাঁর গন্তব্য বিধাননগর আদালত? কারণ, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবারই ম্যাজিস্ট্রেটের সামনে সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা (ভয়েস স্যাম্পল) দেওয়ার কথা রয়েছে। বেলা ১২টা নাগাদ ম্যাজিস্ট্রেটের সামনে সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ রয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সম্ভাব্য হাজিরাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই বিধাননগর মহকুমা আদালতের বাইরে ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কার্যত নিশ্ছিদ্র করা হয়েছে। কড়া প্রহরার দায়িত্বে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। আদালত চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে; সুনির্দিষ্ট এবং বৈধ কারণ ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষত, অভিষেক আদালত চত্বরে পৌঁছোলে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং কেউ যাতে তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে না পারে, সেদিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখছে পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, গত নির্বাচনী প্রচারপর্বে ডিজে (DJ) বাজানো সংক্রান্ত একটি মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি (CID) বর্তমানে এই মামলার তদন্ত করছে। তদন্তের স্বার্থেই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা অত্যন্ত জরুরি বলে দাবি করেন গোয়েন্দারা। এর আগে উচ্চ আদালত জানিয়েছিল, অভিষেককে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ বা গ্রেপ্তারি করতে পারবে না তদন্তকারী সংস্থা। তবে এই আইনি রক্ষাকবচ থাকা সত্ত্বেও আগে দু’বার হাজিরা এড়িয়ে যান ডায়মন্ড হারবারের সাংসদ। প্রথমে ৩০ জুন এবং পরবর্তীতে ৮ জুলাই সিআইডি-র নোটিশ সত্ত্বেও তিনি আদালতে উপস্থিত হননি।
টানা দু’বার হাজিরা এড়ানোর কারণে কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিষেককে। গত ১০ জুলাই মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানান, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে তদন্তে সহযোগিতা না করলে আদালত তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহার করে নেবে। সে ক্ষেত্রে সিআইডি-র তরফে তাঁর বিরুদ্ধে যে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারির পথ খোলা থাকবে। আদালতের এই কড়া অবস্থানের পর অভিষেকের আইনজীবী আশ্বস্ত করেন, আদালতের নির্দেশ মেনে বুধবারই ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন তাঁর মক্কেল। তবে সেই সময় সাংসদের নিরাপত্তা নিশ্চিত করার এবং ডিম ছোড়া বন্ধ করার আর্জি জানান তিনি, যা রাজ্যকে নিশ্চিত করতে বলে হাইকোর্ট। যদিও বিধাননগর আদালতের তরফে প্রথমে ১৮ জুলাই তারিখ ধার্য করা হয়েছিল, তবে আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের তিনদিন আগেই আজ বিধাননগরে পৌঁছে কণ্ঠস্বরের নমুনা দিতে পারেন অভিষেক।

