উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যারাকপুরের কর্মীসভা থেকে আনন্দপুরের অগ্নিকাণ্ড (Anandapur hearth) ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিশানা করে শা’র প্রশ্ন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র কারণেই কি ওই মোমো কারখানার মালিক এখনও অধরা? তিনি আরও প্রশ্ন করেন, কেন ওই মালিক মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গী হয়েছিলেন? যদিও শা’র এই আক্রমণের পালটা জবাব দিতে দেরি করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন।
এদিন অভিষেক বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে নীরব মোদি বা মেহুল চোকসীদের সঙ্গে কার ছবি ছিল? নীরব মোদি তো খোদ প্রধানমন্ত্রীর সঙ্গেই বিদেশ সফরে গিয়েছিলেন।’
আনন্দপুরকাণ্ডে রাজনীতির ছোঁয়া লেগেছে দাবি করে অভিষেক বলেন, ‘বিজেপি শকুনের মতো লাশের রাজনীতি করে।’ তাঁর যুক্তি, শিল্পপতিরা সরকারি প্রতিনিধি হিসেবে বিদেশ সফরে যেতেই পারেন, তাতে দোষের কিছু নেই। গোয়া বা ইন্দোরের সাম্প্রতিক মৃত্যুর ঘটনা টেনে তিনি প্রশ্ন তোলেন, সেই সব ঘটনার দায় কি তবে প্রধানমন্ত্রী নেবেন? যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন, আনন্দপুরের ঘটনায় দোষী যেই হোক, প্রশাসন কাউকে রেয়াত করবে না।
পাশাপাশি, কেন্দ্রীয় বরাদ্দের টাকা নিয়ে শা’র তোলা ‘সিন্ডিকেট’ অভিযোগের প্রেক্ষিতে পালটা শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও ছুড়েছেন অভিষেক। তাঁর দাবি, ২০২১-এর পর থেকে কেন্দ্র কত টাকা দিয়েছে তার হিসেব দেওয়া হোক। এনআরসি ও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে শা’র মতুয়া-কার্ডের জবাবে অভিষেকের পালটা তোপ—বিজেপি নেতারাই আগে থেকে নাম বাদ দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন। সব মিলিয়ে আনন্দপুরের আগুন এখন রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ করেছে।
