উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (CJP)-র আয়োজিত ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় নিজের বাসভবনের কাছ থেকে আটক হওয়া CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন। একটি শান্তি বন্ড (peace bond) স্বাক্ষর করার পর শীঘ্রই তাঁকে মুক্তি দেওয়া হবে এবং তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হচ্ছে না।
উল্লেখ্য, যন্তর মন্তর এলাকায় প্রবেশ করার চেষ্টার অভিযোগে CJP কর্মী সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কা ইতিমধ্যেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১২৬ এবং ১৭০ নম্বর ধারায় শান্তি ভঙ্গের অভিযোগে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে গ্রেপ্তার করে একটি নতুন মামলা দায়ের করে। এরপর তাঁকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) আদালতে পেশ করা হয়।
অন্যদিকে, শুক্রবার কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিল চলাকালীন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-র সভাপতি নেহা বোরাকেও প্রতিরোধমূলক হেফাজতে (preventive custody) নিয়েছিল পুলিশ। দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় আটক সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শনিবার ভোরে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। তবে দীপকে হেফাজতে থাকেন এবং তাঁকে SEM আদালতে হাজির করা হয়।
এর আগে ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দর থেকে পুলিশ অভিজিৎ দীপকে আটক করেছিল। সেই সময় পুলিশ একটি পৃথক শান্তি ভঙ্গের মামলা রুজু করে। এরপর আগামী এক বছর কোনোভাবে শান্তি বিঘ্নিত করবেন না মর্মে আদালতে একটি বন্ড জমা দিয়ে জামিন পেয়েছিলেন তিনি।

