AAIB | ওভারহেড তারে ধাক্কাতেই বিপত্তি! প্রকাশ্যে উত্তরকাশীর কপ্টার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট

AAIB | ওভারহেড তারে ধাক্কাতেই বিপত্তি! প্রকাশ্যে উত্তরকাশীর কপ্টার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গত ৮ মে ঘটে যাওয়া কপ্টার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। শনিবার প্রকাশিত এই প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, জরুরি অবতরণের চেষ্টার সময় কপ্টারের প্রধান রোটর ব্লেড ওভারহেড ফাইবার তারে ধাক্কা লাগায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যার ফলে পাইলট সহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

তদন্তকারী দল দুর্ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের পর যে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে সেগুলি সদর দপ্তরে আরও পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। কপ্টার অপারেটরের রেকর্ডও সংগ্রহ করা হয়েছে এবং সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের দরুন প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন বিমান সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য হাতে এসেছে এএআইবি (AAIB)-র।

দেরাদুনের সহস্ত্রধারা হেলিপ্যাড থেকে ওড়ার পর ‘বেল ৪০৭’ (BELL 407) হেলিকপ্টারটি যমুনোত্রীর খারসালি হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। জানা গিয়েছে, উত্তরকাশীর গঙ্গনানির কাছে এনএইচ ৩৪-এ জরুরি অবতরণের চেষ্টার সময় কপ্টারটি একটি ওভারহেড তারে ধাক্কা খায়, যার ফলে দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানটি। বিমানটিতে থাকা পাইলট এবং পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অ্যারোট্রান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন হেলিকপ্টারটির দুর্ঘটনার দরুন ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও, ঘটনাস্থলে কোনও আগুন লাগার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাটির প্রায় ২ মাস পরে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হল। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *