ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামনে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় ব্যাটিং। হোয়াইটওয়াশ হওয়ার পরই প্রশ্ন উঠেছিল, স্পিন খেলতে কি সত্যিই ভুলে গিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটারেরা? শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৬৫ রানের বিশাল জয় সেই সমালোচনার কিছুটা হলেও জবাব দিয়েছে। আত্মবিশ্বাসও ফিরেছে কেএল রাহুলদের।
প্রথম টেস্ট জয়ের পর রাহুল জানালেন, সিরিজের শুরুটা যেভাবে হয়েছে, তাতে তিনি খুশি। ভারতের সহ-অধিনায়কের কথায়, “আমি বলছি না যে স্বস্তি পেয়েছি। তবে খুশি হয়েছি। শ্রীলঙ্কায় অনেক বছর পর খেলতে এলাম। দলের অনেক ক্রিকেটার আগে এখানে খেলেনি। কিন্তু প্রথম টেস্টে প্রতিটি বিভাগেই আমরা দাপট দেখিয়েছি।”
আরও পড়ুন:
এই জয় পরের ম্যাচের আগে ভারতকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই মনে করছেন রাহুল। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতিও এই সফরে হয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি। রাহুল বলেন, “এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। কলম্বোয় পরের ম্যাচে নামার আগে আমরা এগিয়ে থাকব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের বড় সিরিজ আছে। এখানে তার প্রস্তুতি হচ্ছে।”
গত কয়েক বছরে স্পিনের বিরুদ্ধে ভারতের দুর্বলতা দৃশ্যমান। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার পারফরম্যান্সে খুশি রাহুল। তিনি বলেন, “স্পিন সহায়ক পিচে স্পিন সামলানো খুব কঠিন একটা লড়াই। দেশের মাটিতে আমাদের সমস্যা হয়েছে ঠিক, কিন্তু এখানে ভালো খেলেছি। শ্রীলঙ্কার পিচে স্পিনারদের বিরুদ্ধে রান করা কঠিন। সেটা আমরা করে দেখিয়েছি। সেটাই বেশি আনন্দ দিচ্ছে।”
তাঁর মতে, সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ প্রস্তুতি। “আমি বারবার বলেছি, প্রস্তুতিই আসল। এমন নয় যে, সব সময় সাফল্য আসবে। কিন্তু একটা না একটা সময় তো সফল হবই। আমাদের প্রত্যেকেই এই মানসিকতা নিয়ে নামি,” বলেছেন রাহুল। এই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন রাহুল। একেবারে ট্র্যাডিশনাল টেস্ট ঘরানায় ১৭৫ বলে ৮২ রান করেছেন। আউট হওয়ার আগে পর্যন্ত তাঁর নিখুঁত ব্যাটিংয়ে মুগ্ধ সকলে। দ্বিতীয় ইনিংসেও পরিস্থিতি অনুযায়ী ৪৭ বলে ৩৫ রানও গুরুত্বপূর্ণ। সেই রাহুল মনে করছেন, শ্রীলঙ্কা সফর অস্ট্রেলিয়া সিরিজের আগে স্পিন-জুজু কাটিয়ে ওঠার প্রস্তুতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
