শিলিগুড়িতে নিজের বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার, মা ও বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রামে (Dabgram) নিজ বাড়ি থেকে এক তরুণীর রহস্যজনক দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই তরুণীর নাম তানিশা ঘোষ (২২)। পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে, বালিশ চাপা দিয়ে তানিশাকে খুন করা হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে তরুণীর মা দীপশিখা ঘোষ ও তাঁর এক বান্ধবীর যোগ রয়েছে। ঘটনায় ইতিমধ্যেই দীপশিখার বান্ধবী পলাশী দাসকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই দীপশিখা নিরুদ্দেশ থাকায় তাঁর খোঁজে শহরজুড়ে তল্লাশি শুরু হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তানিশার বাবা পেশায় গাড়িচালক এবং দাদা দীপঙ্কর ঘোষও গাড়ির কাজ করেন। বেশ কিছুদিন ধরেই পরিবারে ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে অশান্তি চলছিল। মৃতের দাদা দীপঙ্করের অভিযোগ, পলাশী দাস নামে এক মহিলা সেলাইয়ের কাজ করতেন এবং সেখানে মা দীপশিখা ও বোন তানিশাও কাজ করত।

দীপঙ্করের দাবি, “বোনের কাছ থেকে পলাশী সুদ দেওয়ার নাম করে ষাট হাজার টাকা নিয়েছিল, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তা ফেরত দেয়নি। এর পাশাপাশি মায়ের নামে বিভিন্ন সময়ে ধাপে ধাপে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা লোন করিয়েছিল পলাশী। পলাশী কথা দিয়েছিল, ওই লোনের কিস্তি ও প্রতি মাসে কিছু সুদ সে-ই দেবে।” কিন্তু সেই টাকা না দেওয়ায় প্রায়শই ব্যাংকের কর্মীরা বাড়িতে এসে তাগাদা দিতেন, যার জেরে বাড়িতে অশান্তি বাড়তে থাকে।

পরিবারের আরও অভিযোগ, সম্প্রতি জানা যায় দীপশিখা তাঁর স্বামীর সোনার চেন ও আংটিও লোনের টাকা শোধ করার জন্য পলাশীকে দিয়ে দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই এদিন বিকেলে পলাশীর বাড়িতে গিয়ে বচসা হয় বলে দাবি দীপঙ্করের; প্রতিবেশীদের দাবি, দীপশিখাদের বাড়িতেও এদিন ব্যাপক ঝামেলা চলে।

দীপঙ্করের অভিযোগ অনুযায়ী, সন্ধ্যায় পলাশী তাঁদের বাড়িতে এসে মায়ের সঙ্গে দেখা করেন এবং মা তাঁকে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন; ওই ঘরে তানিশাও ছিল। এরপর দীপঙ্কর তাঁর আরেক ভাইকে নিয়ে স্থানীয় মাঠে চলে যান, বাবাও কাজের সূত্রে বাইরে ছিলেন এবং বাড়িতে ছিলেন কেবল ঠাকুমা।

রাতে ঠাকুমা ফোন করে জানান, দীপশিখা দোকানে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেননি। বাড়িতে ফিরে ঘরে ঢুকে দীপঙ্কর দেখেন, বিছানার একপাশে মায়ের মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখা। এরপর কম্বল সরাতেই দেখা যায়, তানিশার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে, ঠোঁট কালো হয়ে গিয়েছে এবং শ্বাস-প্রশ্বাস বন্ধ।

দীপঙ্করের দাবি, এরপরই তিনি পাশেই থাকা পলাশীর বাড়িতে গেলে দেখেন পলাশী পিঠে ব্যাগ নিয়ে বের হচ্ছেন। তখন স্থানীয়দের সহায়তায় পলাশীকে আটক করা হয়। তড়িঘড়ি তানিশাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাবলু পাল জানান, গেট বন্ধ করার সময় খবর পেয়ে তাঁরা তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তানিশার খিঁচুনির সমস্যা ছিল। প্রাথমিকভাবে তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। ফলে এটি খুন নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক পলাশীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নিখোঁজ দীপশিখার সন্ধান চলছে। হাসপাতালের চিকিৎসকদের মতে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *