শিলিগুড়ি: ভোটের প্রাক্কালে শিলিগুড়ির (Siliguri) রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল দেখা গেল। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ত্যাগ করে জাতীয় কংগ্রেসে (Congress) যোগ দিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ সিক্তা দে বসু রায় (Sikta Dey Basu Roy)। তাঁর সঙ্গেই তৃণমূল ছেড়ে প্রায় ৪০ জন যুবক কংগ্রেসে শামিল হয়েছেন। শিলিগুড়ির বিধান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুবীন ভৌমিকের উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। সেখানে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন সদস্যদের দলে বরণ করে নেওয়া হয়। পুরভোটের আগে একজন প্রাক্তন মেয়র পারিষদের এই দলবদলকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি সুবীন ভৌমিক জানান, দলে যোগ দিতে চেয়ে বহু মানুষের আবেদন জমা পড়েছে এবং তার মধ্যে বেশ কিছু আবেদন মঞ্জুর করা হয়েছে। তিনি আরও দাবি করেন, কালীপুজোর পর থেকেই বিভিন্ন দলের রাজনৈতিক নেতা এবং প্রাক্তন মেয়র পারিষদ পর্যায়ের পরিচিত ব্যক্তিরা কংগ্রেসে যোগ দেওয়ার তালিকায় রয়েছেন, যার ফলে আগামী দিনে শহরের রাজনীতিতে আরও রদবদল ঘটতে পারে। দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিক্তা দে বসু রায় জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস যেভাবে আন্দোলনে রয়েছে, সেই কাজের শরিক হতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তাঁর পূর্বতন দল তৃণমূলের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত কোনও ক্ষোভ বা অভিযোগ নেই।
The put up Siliguri Congress joining | শিলিগুড়িতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মেয়র পারিষদ সিক্তা দে বসু রায় appeared first on Uttarbanga Sambad.
