‘দ্য ব্লাফ’-এর ফার্স্ট লুকে রণং দেহি অবতারে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন। এবার ট্রেলারে জলদস্যু ‘ব্লাডি মেরি’র ভূমিকায় হাইভোল্টেজ অ্যাকশনের মারপ্যাঁচে পর্দার ‘আলফা মেল’দেরও ধরাশায়ী করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউডে কোণঠাসা হওয়ার পর ‘পাততাড়ি গুটিয়ে’ দেশি গার্ল এখন হলিউডের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। চুটিয়ে কাজ করছেন পশ্চিমী বিনোদুনিয়ায়। ‘কোয়ান্টিকো’ দিয়ে শুরু করেছিলেন। সেই বিজয়রথ যে এখনও অব্যহত, তা বুঝিয়ে দিলেন ‘দ্য ব্লাফ’-এর ট্রেলার প্রকাশ্যে এনে। বলিউডের পর্দায় বর্তমানে যখন ‘আলফা মেল’ ট্রেন্ডের রমরমা, তখন হলিউডের হাত ধরে ‘আলট্রা ওম্যান’ অবতারের সঙ্গে পরিচয় করালেন প্রিয়াঙ্কা। ট্রেলারে ‘ব্লাডি মেরি’র চরিত্রে হাড়হিম করা অ্যাকশন দেখিয়ে বুকে কাঁপন ধরালেন ‘দেশি গার্ল’। সন্তানদের আগলে রাখার জন্য একজন ‘সিঙ্গল মাদার’ কতদূর যেতে পারেন? তার একটা ছোট্ট ঝলকই দেখালেন অভিনেত্রী। কখনও হলিউড অভিনেতা কার্ল আরবানের সঙ্গে তরবারিযুদ্ধে দেখা গেল তাঁকে, তো কখনও বা সমুদ্রতটে পড়ে থাকা শাঁখ দিয়ে শত্রুর মুখ থেঁতলে রক্তস্নাত চেহারায় উল্লাসে মাততে দেখা গেল জলদস্যুরূপী প্রিয়াঙ্কা চোপড়াকে। যেমন আগ্রাসী অভিব্যক্তি, তেমনই অ্যাকশনের মারপ্যাঁচ, নায়িকার এহেন অবতার দেখে অনেকেই আবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তুলনা টেনে বসেছেন। কেউ বা আবার ‘লেডি জ্যাক স্প্যারো’ তকমাও সেঁটেছেন।
আরও পড়ুন:

‘দ্য ব্লাফ’-এর গল্পের পটভূমি উনিশ শতকের শেষ ভাগ। এই ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম এরসেল বডেন। একসময় তিনি ছিলেন দুর্ধর্ষ জলদস্যু। যাকে সবাই ‘ব্লাডি মেরি’ নামেই চিনত। কিন্তু জলদস্যুর জীবন ছেড়ে পরবর্তীতে তিনি ক্যারিবিয়ান দ্বীপে নতুন করে জীবন শুরু করেন। যেখানে শুরু হয় তাঁর মাতৃত্বের ইনিংস। কিন্তু পুরোনো দলের সদস্যরা তাকে খুঁজে বের করলে আবারও ‘ব্লাডি মেরি’কে ফিরে যেতে হয় সেই সহিংস জগতে। প্রিয়াঙ্কার এহেন রণং দেহি অবতার দেখে শোরগোল পড়ে গিয়েছে হলিউডেও।
আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার দুরন্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘দ্য ব্লাফ’। তার প্রাক্কালেই এই লুক দেখে প্রশংসা এসেছে বলিউডের কতিপয় ব্যক্তিত্বের তরফেও। নিন্দুকদের দাবি, বলিউডে কোণঠাসা হলেও হলিউডি সিনেমা দিয়েই অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, তাঁকে দমিয়ে রাখা যাবে না। শোনা যায়, কিং খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চাউর হতেই নাকি বছর খানেক আগে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। ফলত হলিউডে নিজের নিজের পায়ের তলার জমি শক্ত করতে কম কসরত হয়নি নায়িকাকে। সেই সূত্রেই এবার ‘দ্য ব্লাফ’ ট্রেলার দেখে সিনেপ্রেমীদের একাংশের মত, ভালো অভিনেত্রীকে হাতছাড়া করায় এখন হাত কামড়াতে হচ্ছে বলিউডকে!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
