ঠিক যেন আধুনিক বীরু! শোলে ছবিতে বাসন্তীকে বিয়ের দাবিতে জলের ট্যাঙ্কে চড়ে বসেছিলেন সিনেমায় বীরুর চরিত্রে অভিনয় করা প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। সেই একই কায়দায় পছন্দের যুবতীকে বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে চড়ে বসলেন পুণের বাসিন্দা এক যুবক। তাঁকে নামাতে গিয়ে নাকানিচোবানি খেতে হল দমকলকর্মীদের।
ঘটনাটি পুণের পিম্পরী-চিঞ্চবাডের। রবিবার এলাকার গাহুঞ্জে রোডের কাছে বিকেল চারটে নাগাদ বিয়ে করার অদম্য বাসনায় স্থানীয় মোবাইল টাওয়ারের মাথায় চড়ে বসেন যুবক। উপর থেকেই চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন তিনি। কিছুক্ষণের মধ্যে টাওয়ারের নিচে অসংখ্য মানুষ জড়ো হন। এলাকার বাসিন্দাদের মধ্যে হইচই পড়ে যায় তাঁরা তরুণকে বিপজ্জনকভাবে মোবাইলে টাওয়ারে ঝুলতে দেখে বারবার নিচে নেমে আসতে অনুরোধ করেন। যদিও কারও কথায় কান দেননি ওই যুবক। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন:
দমকল কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। শেষ পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। ফায়ার অফিসার গৌতম ইনগাওয়ালে জানিয়েছেন, গাহুঞ্জে এলাকায় এক ব্যক্তি একটি মোবাইল টাওয়ারে উঠেছিলেন। দমকল বিভাগ একটি জরুরি ফোন পায়। তড়িঘড়ি সেখানে দমকলকর্মীদের একটি দল পাঠানো হয়। উদ্ধারকাজ পরিচালনার জন্য পিএমআরডিএ-এর সহায়তা চাওয়া হয়। যদিও তরুণীকে বিয়ে করা সংক্রান্ত ঠিক কী ধরনের দাবি ছিল ওই তরুণের বা তরুণী বিয়েতে অরাজি ছিলেন কি না, সে সব কিছুই স্পষ্ট করে জানা যায়নি।
আরও পড়ুন:
‘পুণেপাল্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিও পোস্ট করা হয়। এক্স হ্যান্ডেলেও ভাইরাল হয়েছে ভিডিওটি। অনেকেই শোলে ছবির কথা মনে করে মজার সব পোস্ট করেছেন। কেউ কেউ বলছেন, বোকার মতো ঝুঁকি নেওয়ায় মৃত্যুও হতে পারত যুবকের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
