সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসির কলকাতা সফর ঘিরে ‘উত্তপ্ত’ শীতের তিলোত্তমা! শনিবার ভোররাত থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিংহদুয়ারের সামনে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে মেসি ভক্ত। উপলক্ষ্য একটাই। ‘মেসিয়ানা’তে মেতে ওঠা। কিন্তু হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ‘ফুটবলের রাজপুত্র’কে দেখতে পাওয়ার সুযোগ পেলেন না অগণিত অনুরাগী। আর সেই রাগে-ক্ষোভে-দুঃখে ময়দানে আছড়ে পড়লেন বিক্ষুব্ধ জনতা। সব মিলিয়ে যুবভারতী একেবারে রণক্ষেত্র! এমতাবস্থায় নিরাপত্তা বাড়ানো হল শাহরুখ খানের।
শুক্রবার মাঝরাতে শহর কলকাতায় ছেলে অ্যাব্রামকে নিয়ে পা রাখেন কিং খান। কথা ছিল, মেসির কলকাতা সফরের পুরোভাগে দেখা যাবে বলিউডের বাদশাকেও। কিন্তু হোটেল থেকে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তি উন্মোচনের পরই মেসি যখন যুবভারতীতে পা রাখলেন, তার কিছুক্ষণ বাদেই গোটা দৃশ্য বদলে গেল চোখের সামনে। ঈশ্বরকে দেখতে না পাওয়ার ক্ষোভে উন্মত্ত হয়ে পড়ে দর্শকাসনে বসে থাকা জনতা। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। কান্নাভেজা চোখে তাঁদের অভিযোগ, কারি কারি টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে কাছ থেকে দেখার স্বপ্ন অধরা রয়ে গেল। এমতাবস্থায় শাহরুখ কিংবা অ্যাব্রামকে যুবভারতীতে দেখা যায়নি। সূত্রের খবর, মাঠে বিশৃঙ্খলার সৃষ্টি হতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে কিং খানকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসা হয়।
