শম্পালী মৌলিক: কথাতেই আছে, বাণিজ্যে বসতি লক্ষ্মী। বিগত দেড় দশকে একাধিকবার বাংলার সিনেইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার জন্য আন্তর্জাতিক মহলের কাছে বিনিয়োগের প্রস্তাব নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেও বিদেশি অতিথি এবং বলিউড শিল্পীদের উপস্থিতিতে সেপ্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রস্তাবে সায় দিয়েই বলিউড-টলিউড কোল্যাবের সম্ভাবনার কথা জানালেন রমেশ সিপ্পি।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছবিতে বিনিয়োগ করার প্রস্তাব দিয়ে বলেন, “ছবির সকলের কথা বলে, ছবির কোনও সীমানা হয় না। ভাষা যাই হোক। যৌথ প্রচেষ্টায় তৈরি হোক ছবি হোক।” এবার উৎসবের পয়লা দিনে মুম্বই-কলকাতার ‘সিনে কোল্যাব’ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে রমেশ সিপ্পি বলেন, “মুম্বই এবং কলকাতার যৌথ প্রযোজনায় যদি কিছু করা যায় কিনা সেই বিষয়ে ফেস্টিভ্যালের উদ্বোধনের দিন মমতাজির সঙ্গে আমার কথা হয়েছে। তবে তার জন্যে ভালো বিষয়, সঠিক চিত্রনাট্য প্রয়োজন, যার সঙ্গে বিভিন্ন ভাষাভাষীর মানুষ একাত্ম হতে পারবেন।”
সিনে উৎসবের পয়লা দিনে, ৭ নভেম্বর শিশির মঞ্চ কানায় কানায় পূর্ণ ছিল। গৌতম ঘোষের তত্ত্বাবধানে ‘সত্যজিৎ রায় স্মরণে’ বক্তৃতা রাখার জন্য বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ‘শোলে’ পরিচালক রমেশ সিপ্পি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে মুম্বই-কলকাতা সিনেশিল্পের মেলবন্ধনের কথা ভাগ করে নিলেন বর্ষীয়ান পরিচালক।
