বিশ্বকাপ খেলতে যাবে ভারতীয় দল। কিন্ত মার্কিন দূতাবাস ভিসাই দিল না অ্যাথলিটদের! এমনটাই ঘটেছে ভারতের অনূর্ধ্ব ২৩ কুস্তিগিরদের সঙ্গে। জানা গিয়েছে, ১২ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু। কিন্তু কুস্তিগিরদের ইন্টারভিউ করার পর আচমকা জানিয়ে দেওয়া হয়, ভিসা দেওয়া হবে না। নেপথ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘আজব’ নিয়ম। আমেরিকাকে ‘মহান’ করে তোলার লক্ষ্যে প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ করেছেন তার জেরেই ভিসা থেকে বঞ্চিত হলেন ভারতীয় কুস্তিগিররা।
১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে অনূর্ধ্ব ২৩ কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আমেরিকায় আয়োজিত এই টুর্নামেন্টে ১৬জন কুস্তিগির-সহ ২৪ জনের দল যাবে। বুধবার তাঁদের সকলকে ডাকা হয়েছিল ভিসা ইন্টারভিউয়ের জন্য। কিন্তু আচমকাই জানিয়ে দেওয়া হয়, ৯ জন কুস্তিগিরকে ভিসা দেওয়া যাবে না। ভিসা না পাওয়ার তালিকায় মূলত ২০ বা তার কম বয়সি কুস্তিগিররা। তাঁদের মধ্যে রয়েছেন নেহা সাঙ্গওয়ান, ২০২৪ সালে যিনি অনূর্ধ্ব ১৭ কুস্তির বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু এবার তিনি নামতেই পারবেন না প্রতিযোগিতার ম্যাটে।
আরও পড়ুন:
কেন ভিসা পেলেন না কুস্তিগিররা? ভারতের কুস্তি ফেডারেশনের প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাস জানিয়েছে, কুস্তিগিরদের মধ্যে কয়েকজনের বয়স ২০ বছরের কম এবং তাদের কোনও উপার্জন নেই। সেকারণেই ভিসার আবেদন মঞ্জুর করা হয়নি। যদিও কুস্তি ফেডারেশনের তরফ থেকে বলা হয়, এই কুস্তিগিরদের কেরিয়ার সবেমাত্র শুরু হয়েছে। তাঁদের উপার্জনক্ষম হওয়ার সময় আসেনি। ভিসার আবেদন খতিয়ে দেখার আর্জিও জানিয়েছে ফেডারেশন। কিন্তু শেষ পর্যন্ত ভারত আদৌ প্রতিযোগিতায় নামতে পারবে কিনা, তাই নিয়েই সংশয় দেখা দিয়েছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প আমূল পরিবর্তন এনেছেন অভিবাসন নীতিতে। তাঁর প্রশাসন মনে করছে, বহু দেশ থেকে মার্কিন ভিসা নিয়ে মানুষ আমেরিকায় চলে যায় এবং সেদেশেই কেরিয়ার তৈরি করে পাকাপাকিভাবে থেকে যায়। তারজন্য মার্কিন নাগরিকদের সমস্যা বাড়ে। ইতিমধ্যেই সোমালিয়া-সহ বেশ কিছু দেশের মানুষকে মার্কিন ভিসা দেওয়া একেবারে বন্ধ, এই কারণ দেখিয়েই। ভারতীয়রা আমেরিকায় গিয়ে মার্কিনদের চাকরি কেড়ে নিচ্ছে, এমন অভিযোগও অনেকবার করেছেন ট্রাম্প। সেকারণেই কি এবার আটকে দেওয়া হল নেহাদের?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
