সদ্যোজাত ছানাকে শুঁড়ে আগলে চাষের জমি পেরিয়ে জঙ্গলের পথে এগিয়ে চলেছে হস্তিনী। মহালয়ার ভোরে দেবীপক্ষের আবাহনের আবহে ঝাড়গ্রামের অরণ্যভূমিতে ধরা পড়ল মাতৃত্বের এক অনন্য ছবি। সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙা ও সিজডিহা এলাকায় হস্তিনী-শাবকের এমন দৃশ্য ঘিরে কৌতূহল ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর বন বিভাগের কলাইকুণ্ডা রেঞ্জ এলাকায় গত চার দিন ধরে রয়েছে হাতির দলটি। দলটিকে সুবর্ণরেখা নদী পার করিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু একাধিকবার চেষ্টার পরেও হাতির দলটিকে নদী পার করানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দলটি হাঁড়িভাঙা জঙ্গলে ফিরে যায়। এর মধ্যেই শনিবার ভোররাতে সিজডিহা এলাকায় একটি চাষের জমিতে শাবক প্রসব করে ওই দলেরই একটি হস্তিনী। সকালে সদ্যোজাতকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যাওয়ার সময় নজর কাড়ে মা-ছানার রাস্তা পারাপারের দৃশ্য। রাস্তা পার হওয়ার সময়ে শুঁড় দিয়ে শাবকটিকে আগলে ধীরে ধীরে এগিয়ে যায় সে। দূর থেকে সেই দৃশ্য দেখেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:
কলাইকুণ্ডা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণয় সরকার বলেন, “শনিবার ভোররাতে সিজডিহা এলাকায় একটি হস্তিনী একটি শাবক প্রসব করেছে।” তাঁর কথায়, হাতির দলটি এখনও হাঁড়িভাঙা এলাকায় রয়েছে। সদ্যোজাত শাবক থাকায় দলটি আরও কিছু দিন ওই এলাকায় থাকতে পারে।হাতির দলটির গতিবিধির উপরে নজর রাখছে বন দপ্তর। এলাকায় হাতির উপস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
