লাগাতার পরিজনদের ‘অত্যাচার’! যখন তখন দাদা-বউদি বলতেন, ‘‘মরছিস না কেন?’’ দিনে দিনে সেই অত্যাচার বাড়তে থাকে। আর তা সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনায় অভিযুক্ত দাদা, বউদি ও দাদার জামাইয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করলেন মৃত যুবকের স্ত্রী। কাশীপুর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি উত্তর কলকাতার কাশীপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, কাশীপুর রোডে একটি ঘরের ভিতর থেকে বিনোদ সিং নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। গলায় দড়ির ফাঁস দিয়ে তাঁকে সিলিংয়ে ঝুলতে দেখা যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ওই যুবকের স্ত্রী কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর ভাসুরের সঙ্গে স্বামীর ব্যবসার অংশীদারত্ব ছিল। কিন্তু তাঁর স্বামীর দাদা, বউদি ও অন্য এক আত্মীয় মিলে সেই দোকান থেকে বিনোদকে বের করে দেন। তার পর থেকে বিভিন্নভাবে তাঁদের উপর অত্যাচার শুরু হয়। বিভিন্ন সময় তাঁর স্বামীকে আত্মহত্যা করতে বলা হত বলে অভিযোগ। দিনের পর দিন এভাবে মানসিক অত্যাচার বিনোদকে সহ্য করতে হতো বলে অভিযোগ। আর তা সহ্য করতে না পেরেই তাঁর স্বামী আত্মঘাতী হন বলে মহিলার অভিযোগ।
আরও পড়ুন:
তারই ভিত্তিতে কাশীপুর থানায় ভাসুর, জা ও অন্য এক আত্মীয়র বিরুদ্ধে কাশীপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তোলেন তিনি। ওই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। এই ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের তলব করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
