ব্রাজিলের কাছে ০-৪ গোলে ভারত হারলেও ম্যাচের সবটা যে একতরফা ছিল, তা বলা যাবে না। ভারতীয় দলের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি। কলকাতার সমর্থকদের আবেগের কথাও উঠে এল তাঁর বক্তব্যে। অন্যদিকে, ম্যাচ হেরে মনঃসংযোগের অভাবকে দুষলেন ভারতীয় কোচ খালিদ জামিল।
এই বিষয়ে আরও খবর
আন্সেলোত্তি বলেন, “আমরা এখানে এসে খুশি। যাঁরা ব্রাজিল ও ফুটবলকে ভালোবাসেন, তাঁদের সামনে নিজেদের সেরাটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি তাঁরা রাতটা উপভোগ করেছেন।” ভারতীয় দলের খেলার প্রশংসা করে তাঁর মন্তব্য, “ওদের রক্ষণ সংগঠিত ছিল। প্রতি-আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। গোল করা আমাদের জন্য সহজ ছিল না।” অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে ম্যাচে তরুণ ফুটবলারদের দেখে সন্তুষ্ট ব্রাজিল কোচ। তাঁর কথায়, “এটা তরুণদের নিজেদের গুণ দেখানোর সুযোগ ছিল। কয়েকজন খুবই ভালো খেলেছে। তবে এই পর্ব শেষে আমরা যথেষ্ট সন্তুষ্ট।” আগামী নভেম্বরে দলে খুব বেশি পরিবর্তন না হলেও আরও কয়েকজন তরুণকে সুযোগ দিয়ে দেখে নিতে চান ব্রাজিল কোচ।
অন্যদিকে, ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ভারতের হারের অন্যতম কারণ হিসাবে মনঃসংযোগের অভাবকে দায়ী করেছেন ভারতের কোচ খালিদ জামিল। তাঁর কথায়, “নিজের উপর বিশ্বাস রাখলে ভালো খেলা যায়। কিন্তু মনঃসংযোগ দৃঢ় রাখতে হবে। ভালো দলের বিরুদ্ধে একটা ভুলই যথেষ্ট।” ম্যাচের শেষ দিকে গোল হজমের প্রসঙ্গে তিনি আরও বলেন, “এক থেকে ৯০ মিনিট পর্যন্ত একই রকম সতর্ক থাকতে হবে। সব ঠিকঠাক চললেও হঠাৎ একটা গোল হয়ে যেতে পারে।”
গোলরক্ষক গুরপ্রীত সিংহকে অবশ্য কাঠগড়ায় তুলতে চাননি খালিদ। “গুরপ্রীত ভারতের অন্যতম সেরা গোলরক্ষক। দু’টি ম্যাচ দিয়ে ওকে বিচার করা যায় না। পরের ম্যাচে ও আবার ফিরবে,” বলেছেন তিনি। তবে ব্রাজিলের শক্তির কথা স্বীকার করে ভারতীয় কোচের মন্তব্য, “ওরা বিশ্বচ্যাম্পিয়ন। যতই সামলানোর চেষ্টা করুন, ওদের মান লুকোনো যায় না। ওদের সামলানো সহজ কাজ নয়।”
২৮ মিনিটে গুরপ্রীতের হাতের তলা দিয়ে এস্তেভাওর শট জালে জড়াল। ৪২ মিনিটে ডানপ্রান্ত থেকে এস্তেভাওয়ের বাড়ানো বলে কার্যত একের বিরুদ্ধে এক পজিশনে চলে যান পেদ্রো। তুলনায় দুর্বল যে গোলটি তিনি করলেন, সেটা সেভ করতেই পারতেন। বিরতির পর তাঁকে তুলে নিলেও গোলকিপার নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। দেশের অন্যতম সেরা গোলকিপার বিশাল কাইথ দলে ছিলেন না। প্রভসুখন গিল বেঞ্চে। গুরুত্বপূর্ণ ম্যাচে গুরপ্রীতের এমন পারফরম্যান্সের পর কেন তাঁকেই বারবার প্রথম একাদশে রাখা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
