সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেছিলেন। বড় পর্দার পাশাপাশি টেলি দুনিয়াতেও নজর কেড়েছিলেন মন্দিরা বেদি। তবে অভিনয়ের বদলে তাঁর দর্শক-শ্রোতা তাঁকে বেশি পেয়েছেন পেশাদার ধারাভাষ্যকার হিসেবে। তবে শুধুই এর মধ্যেই সীমাবদ্ধ রাখেননি নিজেকে। বাইশ গজের লাইভ ধারাভাষ্য যেমন শুনিয়েছেন খেলাপ্রেমীদের ঠিক তেমনই ভারতীয় মহিলা ক্রিকেট দলের পাশেও দাঁড়িয়েছেন মন্দিরা। তবে সবটাই করেছেন নীরবে।
সাল ২০০৪, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক তখন মিতালি রাজ। সেই সময় মহিলা ক্রিকেট দলের চরম আর্থিক সংকট। সেই সময় হীরের টুকরো সেই মেয়েদের পাশে দাঁড়ান মন্দিরা। বিভিন্ন ব্র্যান্দের বিজ্ঞাপনের মুখ হয়ে অর্থ উপার্জন থেকে বিভিন্ন নামী সংস্থার থেকে তহবিল সংগ্রহ করেন মন্দিরা। মেয়েদের ক্রিকেট খেলায় কোনও কিছুই যাতে অন্তরায় হয়ে না দাঁড়ায় তার জন্যও সর্বশক্তি দিয়ে নিশ্চুপে-নীরবে লড়েছেন মন্দিরা। উপার্জনের সব টাকা দিয়ে দিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই দুর্দিন যখন চলছে তখন ওই দল বিসিসিআইয়ের অধীনে ছিল না। এরপর সময় পালটায়। ২০০৬ সালে বিসিসিআই দায়িত্ব নেয়। ঘুরতে শুরু করে ভাগ্যের চাকা। পরিকাঠামো পালটাতে থাকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। আর যে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছিল তারই উত্তর যেন মিলল রবিবাসরীয় রাতে। জয়ের শিরোপা উঠে এল জেমাইমা, রিচাদের হাতে। আর তারই সঙ্গে উঠে এল মেয়েদের পাশে আরও এক মেয়ের দাঁড়ানোর সেই স্মৃতি।
